
নিউজ ডেস্ক : ছাত্রলীগের রাজনীতিতে পদ পেয়েছেন, কিন্তু পদ পাওয়ার পর যারা রাজনীতি থেকে দূরে সরে গেছেন তাদেরকে পদ থেকে অব্যাহতি দিয়ে পদবঞ্চিতদের স্থলাভিষিক্ত করা হবে। তবে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সদস্য সংখ্যা বাড়ানো হবে না বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। আজ বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে পদবঞ্চিতরা অবস্থান নিয়েছেন এমন খবরের সূত্র ধরে সাইফুর রহমান সোহাগের সাথে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যারা পদবঞ্চিত তাদের সাথে আজ (বুধবার) মধুর ক্যান্টিনে কোনো বৈঠক হওয়ার কথা ছিল না। সেখানে ছাত্রলীগের পদবঞ্চিতদের অবস্থান নেয়ার খবর ভিত্তিহীন।
ছাত্রলীগের বর্ধিত কমিটির বিষয়ে সোহাগ বলেন, ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ৩০১ সদস্য বিশিষ্ট হয় এবং তা গঠন হয়ে গেছে। তাই বর্ধিত কমিটি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ছাত্রদলের মত কখনো নিয়ম লঙ্ঘন করে ৭০০ সদস্য বিশিষ্ট বাবা-ছেলে কমিটি হবে না। তবে যে সব নেতারা বিয়ে করেছেন, চাকরি করছেন, পদত্যাগ করছেন, বহিস্কৃত হয়েছেন এবং মারা গেছেন, তাদের পদগুলো শূন্য হওয়ায় সেই সব পদে পদবঞ্চিতদের নেয়া হবে। অর্থাৎ স্থলাভিষিক্ত করা হবে। আর যারা পদ পাওয়ার পর রাজনীতি থেকে দূরে সরে গেছেন, কোনো কর্মসূচিতে যাদের উপস্থিতি নেই, তাদেরকেও বাদ দেয়া হবে এবং তাদের জায়গায় পদবঞ্চিতদের নেয়া হবে।
মধুর ক্যান্টিনে পদবঞ্চিত প্রায় ৫০ জন অবস্থান নিয়েছে এমন সংবাদের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, কেউ অবস্থান নেয়নি। আমি নিজে দুপুরে মধুতে ছিলাম। পদবঞ্চিতদের সাথে মৌখিক কথা হয়েছে। আগামীকাল (৯ মার্চ) আমরা তাদের সাথে বসব। বিশ্ববিদ্যালয় কমিটিতে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে যে পদগুলো শূন্য হয়েছে এবং যারা পদ পাওয়ার পর চাকরিতে যোগদান করেছেন, বিয়ে করেছেন এবং যারা রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে গেছেন, তাদের স্থলে পদবঞ্চিত ও পরিশ্রমী নেতা-কর্মীদেরকে বসানো হবে। কমিটিতে কতজনকে স্থান দেয়া হবে এমন প্রশ্নের উত্তরে আবিদ আল-হাসান বলেন, এ বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি।
সব হল মিলিয়ে আনুমানিক ৫০ থেকে ৬০ জনের মত পদবঞ্চিতকে বিশ্ববিদ্যালয় কমিটি এবং কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়ার মত সুযোগ আছে কিনা? জানতে চাইলে আবিদ আল হাসান জানান, দুই কমিটি মিলিয়ে সেটা পারা যেতে পারে। কারণ যারা রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে গেছে তাদেরকে সরিয়ে দেয়া হবে।ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, পদবঞ্চিতরা অন্যান্য দিনের মত আজও মধুতে এসেছিলেন। তবে কোনো ধরনের বিক্ষোভ প্রদর্শন করেননি। বর্ধিত কমিটির বিষয়ে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ২০১ সদস্য বিশিষ্ট। বর্ধিত কমিটির নামে সদস্য সংখ্যা বাড়ানোর কোনো সুযোগ নেই। তবে এর মধ্যে থেকে অনেককে বাদ দিয়ে সেখানে পদবঞ্চিতদের সুযোগ দেয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী। অথচ পদবঞ্চিরা অপেক্ষা করে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে তারা পদ পাবেন। কিন্তু ২০১৫ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয় কমিটি গঠন এবং একই বছরের জুলাই মাসে গঠিত কেন্দ্রীয় কমিটিতে যারা বাদ পড়েছেন তাদের অপেক্ষার প্রহর বাড়তে থাকায় তাদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তাদের স্থলাভিষিক্ত করার চিন্তা-ভাবনা করছে।