News71.com
 Bangladesh
 03 Apr 17, 05:59 PM
 179           
 0
 03 Apr 17, 05:59 PM

ঢাকা-খুলনা-কলকাতা নতুন রুটের অনুমোদন দিল মন্ত্রীসভা ।। যেকোন সময়  চালু হতে পারে

ঢাকা-খুলনা-কলকাতা নতুন রুটের অনুমোদন দিল মন্ত্রীসভা ।। যেকোন সময়  চালু হতে পারে

নিউজ ডেস্ক : ঢাকা থেকে সড়কপথে খুলনা হয়ে কলকাতা আসা-যাওয়া করতে ভারতের সঙ্গে একটি চুক্তি করতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (৩ এপ্রিল)প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়। বর্তমানে ঢাকা-কলকাতা রুটে বেনাপোল হয়ে গাড়ি চলাচল করে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগ সচিব। নতুন চুক্তির বিষয়টি তুলে ধরে সচিব বলেন, এখানে নতুন প্রস্তাবনা এসেছে, ঢাকা-খুলনা-কলকাতা রুটে বাস চালু করার জন্য। প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। এখন বেনাপোল দিয়ে যায়, সেটা যমুনা ব্রিজ (বঙ্গবন্ধু সেতু), হাটিকুমরুল হয়ে সরাসরি যশোর চলে যাচ্ছে। তারপর বেনাপোল, একটু দূরত্ব বেশি।

তিনি বলেন, ‘এখন যদি এ রকম হয় যে, মাওয়া হয়ে গোপালগঞ্জ, বাগেরহাট, রূপসা নদী পার হয়ে খুলনা থেকে যশোর হয়ে যাওয়া গেলে রাস্তার দূরত্ব কমে যাবে।’ আগের রুটের পাশাপাশি এটা দ্বিতীয় অপশন হিসাবে চলতে পারে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগ সচিব। তিনি বলেন, ‘এটা অলটারনেটিভ রুট, নতুন রুট’। কবে থেকে কার্যকর হবে জানতে চাইলে সচিব বলেন, ‘এখন চুক্তি হবে। তারপর একটা অনুষ্ঠানের আয়োজন করে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে’।

প্রধানমন্ত্রীর সফরের সময়ে চুক্তি হবে কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘আগে-পরে হতে পারে, পরে হওয়ার সম্ভাবনা বেশি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দুই দেশ থেকে দু’টি গাড়ি রওনা হয়ে যাবে। একটা ঢাকা থেকে আর একটা কলকাতা থেকে’। এতে ৯৬ কিলোমিটার দূরত্ব কমে যাবে জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব বলেন, ভাড়াটা এ পর্যায়ে বলতে পারছি না।

‘অ্যাগ্রিমেন্ট বিটুইন দ্য গর্ভনমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড দ্য গর্ভনমেন্ট অব দ্য রিপাবলিক অব ইন্ডিয়া ফর দ্য রেগুলেশন অব মটর ভেহিক্যাল প্যাসেঞ্জার ট্রাফিক বিটুইন দ্য টু কান্ট্রিজ’ এবং প্রোটোকল অন অপারেশন অব প্যাসেঞ্জার বাস সার্ভিস বিটুইন ঢাকা ইন বাংলাদেশ অ্যান্ড কলকাতা ইন ইন্ডিয়া ভায়া খুলনা ইন টার্মস অব দ্য অ্যাফোরমেনশনড অ্যাগ্রিমেন্ট’- শীর্ষক চুক্তি অনুমোদন দেয় মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগ সচিব বলেন, আমাদের দেশের মোটর ভেহিক্যাল অর্ডিন্যান্স এবং ভারতের মোটর ভেহিক্যাল অ্যাক্টের আওতায় চুক্তি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন