
নিউজ ডেস্ক : জাতীয় পত্রিকার সম্পাদকদের কেন ওয়ারেন্ট অব প্রেসিডেন্সি মযার্দার অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তাদের ওয়ারেন্ট অব প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত করতে মন্ত্রিপরিষদ সচিবকে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। রিটের শুনানি নিয়ে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও তথ্য মন্ত্রণালয়ের সচিবকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। তার সঙ্গে ছিলেন নজরুল আলম রনি। রবিবার (৩ এপ্রিল) সম্পাদকের একটি রিট আবেদনের ভিত্তিতে এই রুল জারি করেন আদালত।
রিটে বলা হয়, সাংবাদিকদের ভূমিকা মূল্যায়ন করে দৈনিক পত্রিকার সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক এবং চেয়ারম্যানের মর্যাদা রয়েছে। কিন্তু জাতীয় দৈনিকের সম্পাদকদের এই পর্যায়ে রাখা হয়নি। তাই তাদের এই মর্যাদায় অন্তর্ভুক্ত করার জন্য রিট করা হয়েছে।