
নিউজ ডেস্কঃ জনপ্রতিনিধিদের বরখাস্তের ঘটনায় সরকারের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,একসঙ্গে ৩ মেয়র বরখাস্ত! এটা কেমন কথা। এরা জনপ্রতিনিধি। বিশ্বের কোথাও এভাবে জনপ্রতিনিধি বরখাস্ত করার নজির নেই। জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশে শান্তি নেই, জানমালের নিরাপত্তা নেই। প্রতিদিন ৭ থেকে ৮ জন মানুষ অস্বাভাবিকভাবে মারা যাচ্ছে। সন্ত্রাসীরা মানুষ মারছে, আবার সন্ত্রাসীরাও মরছে। অনেক সময় তাদের পরিচয়ও আমরা জানি না।
জাপার শাসনামলের কথা তুলে ধরে এরশাদ বলেন, আমার আমলে এমন কোনো ঘটনা ঘটেনি। মানুষ শান্তিতে ছিল, ভালোবেসে বন্যার সময়ও বুক পানিতে নেমে তাদের বিপদে ছুটে গেছি, খাবার দিয়েছি। তাই মানুষ আমাকে এখনো স্মরণ করে, ভালোবাসে, জাতীয় পার্টিও শত আঘাতে ঠিকে আছে। এর আগে ইসলামী ছাত্র মজলিসের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ খোলফত মজলিসের মহানগর নেতা মাওলানা এস এম আল জুবায়েরের নেতৃত্বে ২শতাধিক নেতা-কর্মী এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।
জাপা প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, মাওলানা এস এম আল জুবায়ের, ডা. নুরুল ইসলাম প্রমুখ।