
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ‘লাল বোট’ ডুবির ঘটনায় উদ্ধার অভিযানে সর্বশেষ ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দিবভর অভিযান চালিয়ে সন্দ্বীপ চ্যানেলের বিভিন্ন পয়েন্ট থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশসহ বিভিন্ন সংস্থা এই উদ্ধার অভিযানে অংশ নেন বলে জানান সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম।
তিনি বলেন, আজ মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে হাফেজুল্লাহ (৫৫), শামসুল ইসলাম (৩৫), নিজাম উদ্দিন (৪০), মাইনুদ্দিন (৪০), মাসুদুর রহমান (২২), কামরুজ্জামান (৩৫), ইউসুফ (৩০), ওসমান মাস্টার (৩৫) ও তানজির আহসান (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই সন্দ্বীপের বাসিন্দা।
তিনি আরও বলেন, এর আগে বড়দা জলদাস (৬০), সালাউদ্দিন (৩০), শচীন্দ্র জলদাস (৫৫), আবদুল হক (৬০) ও হাফেজ আমিন রসুল (৪৫) নামের ৫জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে লাল বোট ডুবির ঘটনায় মোট ১৪ জনের মরদেহ উদ্ধার করা গেল। এখনও নিখোঁজ রয়েছেন আরও ৭ জন।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া বলেন, দুর্ঘটনাস্থল গুপ্তছড়া ঘাটের দুই কিলোমিটারের মধ্যে এসব মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে আমরা মোট ১৪ জনের মরদেহ উদ্ধার করতে সমর্থ হয়েছি। এখনও ৭জন নিখোঁজ রয়েছেন। প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় সন্দ্বীপরে গুপ্তছড়া ঘাটে সী-ট্রাক থেকে যাত্রীরা নামার সময় ওই লাল বোটটি ডুবে যায়।