News71.com
 Bangladesh
 04 Apr 17, 11:30 PM
 184           
 0
 04 Apr 17, 11:30 PM

তরুণেরাই বাংলাদেশের শক্তি, এই শক্তিতেই আলোকিত হবে দেশ ।। নোবেলজয়ী শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী

তরুণেরাই বাংলাদেশের শক্তি, এই শক্তিতেই আলোকিত হবে দেশ ।। নোবেলজয়ী শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী

নিউজ ডেস্কঃ শান্তিতে নোবেলজয়ী শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী বলেছেন,  বাংলাদেশের মোট জনসংখ্যার বড় অংশই তরুণ। এই তরুণেরাই বাংলাদেশের শক্তি। এই শক্তিতেই আলোকিত হবে বাংলাদেশ। আর শুধু বাংলাদেশ কেন, এই পৃথিবীর মোট জনসংখ্যার ৩০০ কোটিই তরুণ। তারাই পারে পৃথিবীর সব বৈষম্য দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ মিলনায়তনে বিশ্বশান্তি এবং শিশুদের অধিকার রক্ষায় তরুণদের ভূমিকা’ শীর্ষক একক বক্তৃতায় কৈলাস সত্যার্থী এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৈলাস সত্যার্থী বলেন,১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন চলে, তখন আমি ১৭ বছরের তরুণ। আমি সেই সময়টা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল এই মুক্তিযুদ্ধের প্রাণ। শুধু মুক্তিযুদ্ধ নয়, বাংলাদেশের যত উন্নতি, তার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনেক। আমি আনন্দিত যে আজকে সেই বিশ্ববিদ্যালয়ের তরুণদের সামনে কথা বলছি।’ লিঙ্গ অসমতা, নারী ও শিশুদের অধিকার রক্ষায় বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করে কৈলাস বলেন,প্রতিবারই যখন বাংলাদেশে আসি, আমি উন্নতি দেখে উজ্জীবিত হই। বাংলাদেশ একটি বিস্ময়। তবে বাল্যবিবাহ বা শিশুশ্রম এখনো সারা দুনিয়ার মতো বাংলাদেশেও সমস্যা। বাল্যবিবাহ তো মানবতার বিরুদ্ধে অপরাধ।

নোবেলজয়ী এই মানবাধিকারকর্মী বলেন,আমি শিশুদের দাসত্ব বা শিশুশ্রম থেকে মুক্তি দিতে দীর্ঘদিন ধরে কাজ করছি। শিশুদের আর্তচিৎকার আমার কানে বাজে। সেই চিৎকারের কোনো সীমানা নেই। আর আমি কোনো সীমানায় বিশ্বাস করি না। কোনো ধর্ম, জাতপাতে বিশ্বাস করি না। আমি মনে করি, একটাই পৃথিবী হওয়া উচিত। তরুণেরাই সেটা বাস্তবায়ন করতে পারে।

কৈলাস আরও বলেন, শান্তি সবার অধিকার। আজকে সিরিয়ায় বা ইরাকে যুদ্ধে যে শিশু আহত হচ্ছে, ঘরছাড়া হচ্ছে, তার তো কোনো অপরাধ নেই। জঙ্গিরা যখন কোনো কিশোরীকে ধরে নির্যাতন করছে বা সস্তায় বেঁচে দিচ্ছে, সেই কিশোরীর কী দোষ? এ সমস্যা সমাধান করতে হলে সাংসদ, রাজনীতিবিদ ও নীতিনির্ধারকদের এ রকম প্রতিটি শিশুকে নিজের সন্তান বা স্বজন মনে করতে হবে। নইলে এ সমস্যার সমাধান সম্ভব নয়।

২০১৬ সাল থেকে কৈলাস সত্যার্থীর উদ্যোগে পৃথিবীর বিভিন্ন দেশে গৃহীত হয়েছে ১০০ মিলিয়ন ফর ১০০ মিলিয়ন’ ক্যাম্পেইন। সুবিধাবঞ্চিত ১০ কোটি শিশু-কিশোর-যুবকদের জীবনমান উন্নয়নে বিশ্বের যুব সম্প্রদায়ের ১০ কোটিকে সম্পৃক্ত করা হবে এই প্রচারণায়। বাংলাদেশ থেকে এই প্রচারণার অংশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে গণসাক্ষরতা অভিযান।

আজকের অনুষ্ঠানেও ১০০ মিলিয়ন ফর ১০০ মিলিয়ন প্রচারণা চালান কৈলাস। তরুণদের উদ্দেশ করে কৈলাস সত্যার্থী বলেন, বিশ্বে ১০ কোটি শিশু-তরুণ শিক্ষা ও ভালো শৈশব থেকে বঞ্চিত। তোমরা ছাড়া এদের হয়ে কে কথা বলবে? তোমাদের মতো ১০ কোটি তরুণ অপেক্ষা করছে সমাজকে কিছু দেওয়ার জন্য। অনুষ্ঠানে উপস্থিত অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান তরুণদের উদ্দেশ করে বলেন, আপনারা প্রশ্ন করুন। আমরা আপনাদের কথা শুনতে চাই। কিন্তু দয়া করে কেউ অন্ধকারের দিকে যাবেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন