News71.com
 Bangladesh
 06 Apr 17, 10:15 PM
 213           
 0
 06 Apr 17, 10:15 PM

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা দিতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।। রাষ্ট্রপতি

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা দিতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।। রাষ্ট্রপতি

 

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সরকার জনস্বাস্থ্যের উন্নয়নে নানাবিধ কার্যক্রম গ্রহণ করায় মাতৃ ও শিশু মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে  এবং পুষ্টিমান ও কর্মক্ষমতা বেড়েছে। তিনি আরো বলেন,জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার চিকিৎসা সুবিধা বৃদ্ধি, শিক্ষা,খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নসহ ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। ফলে জনগণের গড় আয়ু বেড়েছে। এ সাফল্য ধরে রাখতে প্রতিটি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব অপরিসীম। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ। অর্থ, বিত্ত, বৈভব নয়; শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিই প্রকৃত সুখী। বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘আসুন, বিষণ্ণতা নিয়ে কথা বলি’। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও অনেক মানুষ বিষণ্ণতাজনিত মানসিক রোগে ভুগছে। বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত ও পারিবারিক সংকট, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ, নগরায়ন, আর্থ-সামাজিক অবস্থা, মানসিক চাপ, বংশগতি এবং অন্যান্য শরীরভিত্তিক ও মনোসামাজিক সমস্যা মানসিক রোগ বৃদ্ধির অন্যতম কারণ।

শরীরবৃত্তিয় স্বাস্থ্য সহায়তার মতো মানসিক স্বাস্থ্য সহায়তাও সমান গুরুত্বপূর্ণ উল্লেখ করে আব্দুল হামিদ বলেন,বাংলাদেশে প্রতি বছরের ন্যায় এ বছরও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। কেননা বিশ্ব স্বাস্থ্য দিবসের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনগণ মানসিক রোগ বিশেষ করে বিষণ্ণতাজনিত মানসিক সমস্যা সম্পর্কে সচেতন হবে এবং এর প্রতিকার ও প্রতিরোধে উদ্বুদ্ধ হবেন বলে আমার বিশ্বাস।  তিনি বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন