News71.com
 Bangladesh
 06 Apr 17, 11:15 PM
 240           
 0
 06 Apr 17, 11:15 PM

খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ।। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ।। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির ফলে খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তিনি আরো বলেন, কৃষিখাতে উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণে অধিক গুরুত্ব দিতে হবে।  বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান উপলক্ষে আজ বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। কৃষিতে অনন্যসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২১ ও ১৪২২’ প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে আবদুল হামিদ বলেন, আবহমানকাল থেকে কৃষির সাথে বাঙালি সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য মিশে আছে। বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতির প্রধান চালিকাশক্তি মূলত কৃষি।

তিনি বলেন, আমাদের জনসংখ্যা বাড়ছে, কমছে কৃষি জমির পরিমাণ। বৈপরীত্য এ পরিস্থিতিতে বিশাল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এক বিরাট চ্যালেঞ্জ। সীমিত ভূমির সর্বোত্তম ব্যবহার করে অধিক ফসল উৎপাদনের জন্য লাগসই প্রযুক্তি প্রয়োগ, প্রতিকূল পরিবেশসহিষ্ণু নতুন নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহার এখন সময়ের দাবি।

রাষ্ট্রপতি বলেন, কৃষি বিজ্ঞানীরা ফল ও ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন করে দেশে কৃষির উন্নয়নে বিপুল ভূমিকা রাখছেন। জলবায়ু পরির্তনের সাথে খাপ খাওয়ানো এবং কৃষি বিষয়ক জ্ঞান-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষি আধুনিকীকরণ, শস্যের নিবিড়তা বৃদ্ধি ও বহুমুখীকরণের মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ খাদ্যের যোগান নিশ্চিতকল্পে কৃষক, কৃষি কর্মী, সম্প্রসারণবিদ, বিজ্ঞানী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা নিরলস অবদান রেখে যাচ্ছেন। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ যে সব ব্যক্তি ও প্রতিষ্ঠান ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২১ ও ১৪২২’ এ ভূষিত হয়েছেন তিনি তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বলেন, এ পুরস্কার তাদেরসহ কৃষি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আগামীতে আরো উৎসাহিত ও অনুপ্রাণিত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তিনি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২১ ও ১৪২২’ প্রদান কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন