
নিউজ ডেস্ক : সচিবালয়ে দেশের ৬৯তম পাসপোর্ট অফিসের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূলভবনের পাশে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ অফিসের কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ অফিসের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি বলেন, পাসপোর্ট পাওয়া সব নাগরিকের অধিকার। সরকার এ অধিকার ও সেবা মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। এ কারণে আমরা প্রতিটি জেলায় পাসপোর্ট অফিস করছি। ঢাকা ক্যান্টনমেন্টেও একটি অফিস করেছি। সচিবালয়ে কর্মরত কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এ অফিস থেকে সেবা নিতে পারবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য কমেছে না বেড়েছে, তা আপনারা বলতে পারবেন। তবে, আমরা দালালমুক্ত করছি। এরইমধ্যে হেল্প ডেস্ক স্থাপন করেছি। দালালদের কাছে না গিয়ে গ্রাহকরা যেন হেল্প ডেস্ক থেকে সেবা নিতে পারেন। এ কারণে ছোট ছোট অফিস করা হয়েছে, যাতে মনোযোগ চারিদিকে ছড়িয়ে দেওয়া যায়।
ভারতের সঙ্গে ভিসা সহজের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি নাগরিকদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ায়, তারা সারা বিশ্ব ভ্রমণ করছেন। ভারতও এর মধ্যে অন্যতম গন্তব্য। আমরা আমাদের সমস্যার কথা ভারতকে জানাই। তারা সে অনুযায়ী উদ্যোগ নিয়েছে। প্রতিদিন তিন হাজার বাংলাদেশিকে পাসপোর্ট দিয়ে থাকে বলে আমাদের জানিয়েছে বাংলাদেশে অবস্থিত ভারত দূতাবাস। প্রয়োজনে আরও বাড়ানো হবে।
রাজনৈতিকভাবে একশ্রেণীর মানুষের ভারত বিরোধিতা সম্পর্কে আসাদুজ্জামান কামাল বলেন, আমি মনে করি না এদেশে ভারত বিরোধিতা আছে। কারণ ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধে আমাদের অকল্পনীয় সহায়তা করেছে ভারত। পাসপোর্ট অফিস উদ্বোধন কার্যক্রমের অংশ হিসেবে এ সময় চারজন কর্মকর্তাকে পাসপোর্ট তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।