
নিউজ ডেস্কঃ আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সাংসদদের জন্য থোক বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বৃহস্পতিবার রাতে সংসদীয় কমিটির সভাপতিদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনার পর অর্থমন্ত্রী সাংবাদিকের এ কথা জানান। আলোচনায় সংসদীয় কমিটির সভাপতিদের মধ্যে আবদুল মতিন খসরু, ফারুক খান, ওবায়দুল মুক্তাদির চৌধুরী, তাজুল ইসলাম চৌধুরী, রহমতউল্লাহ, ওমর ফারুক চৌধুরী, দিপু মণি প্রমুখ অংশ নেন।
অর্থমন্ত্রী বলেন, একটা বিষয় নিয়ে বেশ আলোচনা হয়েছে। আর সেটা হচ্ছে সাংসদদের জন্য থোক বরাদ্দ। এটা আগামী বাজেটে বাড়বে এবং অনেকখানিই বাড়বে। স্থানীয় সরকারের প্রয়োজনেই এ বৃদ্ধিটা দরকার বলে আলোচনায় মত এসেছে। বর্তমানে সাংসদদের ২০ কোটি টাকা করে দেওয়া হয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ টাকাটার ওয়েস্টেজ হয়। সাংসদেরা বললেন যে, তাঁরা যখন প্রস্তাব দেন এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) প্রকৌশলীরা তখন কাজ করেন না। এলজিইডির প্রকৌশলীরা কিছু অজুহাত দেন। ভোগাস অজুহাত। ৮০’ র দশকে বাজেটের ১০ শতাংশ জেলা ও থানা পর্যায়ে খরচ করা হতো বলে স্মরণ করেন অর্থমন্ত্রী এবং এটা ঠিক ছিল বলে মনে করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে রাস্তাঘাট মেরামতে টাকা লাগে। বর্তমানে একটা রাস্তা মেরামত হয়, আরেকটা হয় না। তবে এবার অগ্রাধিকার ঠিক করে দেওয়া হবে এবং একটা প্রজ্ঞাপন জারি করা হবে। শুধু সাংসদেরা টাকা খরচ করবেন—ব্যাপারটা এমন নয় বলেও জানান আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, উপজেলা এবং জেলা পরিষদ রয়েছে। সবাই মিলেই টাকাটা খরচ করবে।
অর্থমন্ত্রী জেলা পরিষদের খরচের পদ্ধতি নিয়ে সমালোচনাও করেন। তিনি বলেন, জেলা পরিষদে যে বরাদ্দ হয়, তারা খরচ শুরু করে বছরের শেষ দিকে-যাতে চুরিচামারি ভালো করা যায়। জেলা পরিষদ খরচগুলোকে পরের বছরে নিয়ে যায়।