News71.com
 Bangladesh
 07 Apr 17, 10:16 AM
 216           
 0
 07 Apr 17, 10:16 AM

জনগণ সচেতন হলে দুর্নীতি থাকবে না।। গণশুনানিতে দুদক কমিশনার

জনগণ সচেতন হলে দুর্নীতি থাকবে না।। গণশুনানিতে দুদক কমিশনার

 

নিউজ ডেস্কঃ সংবিধানে বলা আছে, এ দেশের মালিক জনগণ। তবে অবস্থাদৃষ্টে মনে হয়, সরকারি কর্মকর্তাই যেন দেশের মালিক। এর কারণ হচ্ছে, জনগণ  তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। তারা সচেতন হলে দেশে দুর্নীতি থাকবে না।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসির উদ্দীন আহমেদ এসব কথা বলেন। এবার আওয়াজ তুলুন প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাংকের সহযোগিতায় উপজেলা চত্বরে দুর্নীতিবিষয়ক গণশুনানি করে দুদক।

আয়োজক সূত্রে জানা গেছে, গণশুনানিতে উপজেলার ১০টি সরকারি দপ্তরের নানা অনিয়ম-দুর্নীতি, হয়রানি ও সেবা না পাওয়াসহ নানা অভিযোগ তুলে ধরেন স্থানীয় লোকজন। গণশুনানিতে উপজেলার ভূমি কার্যালয়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, সেটেলমেন্ট অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, সাব–রেজিস্ট্রি কার্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি, সমাজসেবা অধিদপ্তর, সমবায় কর্মকর্তার কার্যালয়, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়সহ উপজেলার ১০টি সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। তবে গণশুনানিতে স্থানীয় থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় অংশ নেয়নি। প্রধান অতিথি হিসেবে গণশুনানিতে নাসির উদ্দীন আহমেদ ভুক্তভোগীদের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিক প্রতিকার ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে সর্বোচ্চ ১৭টি, উপজেলা ভূমি কার্যালয়ের বিরুদ্ধে ১৬টি, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে ১৪টি, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের বিরুদ্ধে ২টি, উপজেলা সাব–রেজিস্ট্রি কার্যালয়ের বিরুদ্ধে ২টিসহ মোট ৫১টি অভিযোগ দুদকে দাখিল হয়। সব অভিযোগ দুদকে নথিবদ্ধ করা হয়। সরাসরি অভিযুক্ত সরকারি কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের উপস্থিতিতে অগ্রাধিকার ভিত্তিতে ৩০টি অভিযোগের শুনানি করা হয়। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এ সময় বেশ কয়েকজন সেবাগ্রহীতার অভিযোগের তাৎক্ষণিক সমাধান করা হয়। এ ছাড়া বেশ কয়েকজন অভিযোগকারীর সমস্যা আমলে নিয়ে সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দলিল উদ্দিনের সভাপতিত্বে গণশুনানিতে বক্তব্য দেন দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার, অস্ট্রেলিয়ার মনাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসাদ ইসলাম, ইউএনও মো. যোবায়ের, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান খান এবং সিঙ্গাইর পৌরসভার মেয়র খোরশেদ আলম ভূঁইয়া। শুনানিতে উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দুদক কমিশনার নাসির উদ্দীন আহমেদ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক। তাঁদের কাছ থেকে সাধারণ মানুষ সেবা পাচ্ছে কি না তা জানতেই দুদকের এই আয়োজন। দুদক সব সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে। উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন,আপনাদের অধিকার নিয়ে সচেতন হতে হবে। সরকারি অফিসগুলোতে কী ধরনের সেবা দেওয়া হচ্ছে, তা আপনাদের জানতে হবে। এই জানাও আপনার অধিকার। এর আগে সকালে দুদক কমিশনার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া হাসপাতালের সামনে বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন