
নিউজ ডেস্ক : কুয়ালালামপুর-ঢাকা রুটের একটি ফ্লাইটে যাত্রীদের পচা-দুর্গন্ধযুক্ত খাবার দেওয়ার অভিযোগে দুই লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে। গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে ছয় জন যাত্রীর অভিযোগের ভিত্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ এপ্রিল) কুয়ালালামপুর-ঢাকা রুটে ইউএস-বাংলার বিএস-৩১৬ ফ্লাইটে যাত্রীদের খাবারের সঙ্গে ফিরনি দেওয়া হয়। সেই ফিরনি খেয়ে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। কেউবা ফ্লাইটে বমি করে দেন। ফ্লাইটে খাবারের সঙ্গে পরিবেশিত পচা-দুর্গন্ধযুক্ত ফিরনি খেয়েই এমন সমস্যা হয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা। ফ্লাইটে থাকা অনেক শিশু পেটের পীড়ায় আক্রান্ত হয়। এ ঘটনায় সেই ফ্লাইটে থাকা ছয়জন যাত্রীর পক্ষে জাকির আহমেদ ফ্লাইটে সরবরাহ করা ফিরনিসহ লিখিত অভিযোগ করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতে।
অভিযোগকারী যাত্রী জাকির আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ফ্লাইটে খাবারের সঙ্গে ডেজার্ট হিসেবে ফিরনি দেওয়া হয়। সেই ফিরনি পচা ও দুর্গন্ধযুক্ত ছিল। এছাড়া,সাদা ফাঙ্গাসের লেয়ার পড়েছিল। আমার দুই শিশু এই ফিরনি খেয়ে পেটের পীড়ায় আক্রান্ত হয়। ফ্লাইটের অন্য যাত্রীরাও অসুস্থ হয়ে বমি করেছেন। এ বিষয়ে কেবিন ক্রুদের জানালে তারা বলেন, তাদের কাজ শুধু সার্ভ করা।’ এ প্রসঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সের (ডিজিএম-মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) মো. কামরুল ইসলাম বলেন, ‘ বিষয়টি তদন্ত করে দেখা হবে, কেন এমন ঘটনা হলো। গত তিন বছর ধরে সেবার মান নিশ্চিতে সর্বোচ্চ সর্তকতা রক্ষা করে যাচ্ছে ইউএস-বাংলা।’
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ বলেন, ‘যাত্রী জাকির আহমেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফিরনির নমুনাগুলো এয়ারপোর্ট হেলথ ডিপার্টমেন্টের স্যানিটারি ইন্সপেক্টর পরীক্ষা করে সত্যতা পান। ইউএস-বাংলা কর্তৃপক্ষও দায় স্বীকার করেছে। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ তথা ৫০ হাজার টাকা একই আইনের বিধানমতে যাত্রী জাকির আহমেদ বুঝে নিয়েছেন। অবশিষ্ট অর্থ সরকারের নির্ধারিত খাতে জমা দেওয়া হয়েছে।ক্যাটারিং সার্ভিসে এ ধরণের অবহেলা ও বিপর্যয় সত্যিই দুঃখজনক।’