
নিউজ ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরে আজ শুক্রবার দুপুরে ২৪ হাজার টাকার জাল নোটসহ নূর আলম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বটতলী গ্রামে। পার্বতীপুর মডেল থানার এসআই মো. রেজাউল করিম জানান, নূর আলম আজ শুক্রবার দুপুরে উল্লেখিত ২৪টি এক হাজার টাকার জাল নোট নিয়ে পার্বতীপুর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের ডাঙ্গারহাট বাজারে বিকাশ করতে যান। এ সময় বিকাশ এজেন্ট টাকাগুলো দেখে জাল টাকা মনে করে তাকে চ্যালেঞ্জ করেন।
একপর্যায়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোফাখ্যারুল ইসলাম ফারুককে খবর দেওয়া হলে তিনি তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উল্লেখিত এক হাজার টাকার ২৪টি জাল নোট উদ্ধার ও নূর আলমকে গ্রেপ্তার করে। এ ব্যপারে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা হয়েছে।