
নিউজ ডেস্ক : বাস্তবায়নাধীন ‘বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার কার্যক্রম’ প্রকল্প ও ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ প্রকল্পে ঋণ সহায়তায় যুক্ত হচ্ছে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরকালেই এ দু’টি প্রকল্পের অর্থ সহায়তা বিষয়ক সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কয়েকটি সূত্রে এ তথ্য জানা গেছে।
‘বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার কার্যক্রম’ প্রকল্পের আওতায় ধলেশ্বরী-পুংলি-বনসাই-তুরাগ-বুড়িগঙ্গা খনন কাজ চলছে। বুড়িগঙ্গা নদীর পানি প্রবাহ বাড়িয়ে নাব্যতা বজায় রাখা, পানির গুণগতমান বাড়ানো, নৌ চলাচল অব্যাহত রাখা এবং এ তীরের জনপদের আর্থ-সামাজিক অবস্থা উন্নত করাই প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য। প্রকল্পে ভারতীয় ঋণ নির্ধারণ করা হয়েছে ১৯ কোটি ৬১ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫৬৯ কোটি টাকা)।
আর ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ নির্মাণ প্রকল্পের আওতায় কাজ চলছে কেন্দ্রটি স্থাপনসহ সেখানকার অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধির। এতে ভারতীয় ঋণ নির্ধারণ করা হয়েছে ৯৪ কোটি ডলার ঋণ, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়াবে প্রায় ৭ হাজার ৫২০ কোটি টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারতের ঋণে বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের প্রকল্প জমা দেয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি)। সেগুলো যাচাই-বাছাই করে ২১টি প্রকল্প চূড়ান্ত করা হয়।
তৃতীয় দফা ঋণ সহায়তার আওতায় নমনীয় ঋণ (এলওসি) হিসেবে এই ২১ প্রকল্প বাস্তবায়নে ভারতের কাছ থেকে নেওয়া হচ্ছে আরও ৩ দশমিক ৬১ বিলিয়ন বা ৩৬১ কোটি ডলার । প্রকল্পগুলোর মধ্যে ১ নম্বরে বুড়িগঙ্গা এবং ১৩ নম্বরে রাখা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে। সূত্রমতে, দু’টি ইউনিটসহ প্রকল্পের সার্বিক কাজে ব্যয় হবে ৯১ হাজার কোটি টাকা। এর সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের ৭ হাজার ৫২০ কোটি টাকা ঋণ সহায়তা।