News71.com
 Bangladesh
 08 Apr 17, 01:30 PM
 213           
 0
 08 Apr 17, 01:30 PM

জাতীয় সংসদে ৬০টি আসন ও পৃথক মন্ত্রনালয় চায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

জাতীয় সংসদে ৬০টি আসন ও পৃথক মন্ত্রনালয় চায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন চায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার (৭ এপ্রিল) হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নবম জাতীয় সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়। এছাড়া তাদের সাত দফা দাবির মধ্যে অন্যতম আরও দুটি দাবি রয়েছে। এগুলো হল সংখ্যালঘুবিষয়ক পৃথক মন্ত্রণালয় ও সংখ্যালঘু কমিশন গঠন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দু’দিনব্যাপী এই ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন থেকে রাজনীতিবিদ ও নাগরিক সমাজের নেতারা বলেন, জাতি-ধর্মের রোষানলে দেশ প্রায় ধ্বংসের পথে। আজ কেবল সংখ্যালঘুই আক্রান্ত নয়, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা আক্রান্ত, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতাও আক্রান্ত। সার্বিকভাবে গোটা বাংলাদেশই আক্রান্ত। এর বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়াইয়ে নামতে হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষায় সংখ্যালঘুদের ন্যায্য অধিকার কড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে হবে।

সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন চত্বরে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রথিতযশা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। এ সময় সংগঠনের পতাকা উত্তোলন করেন ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গোমেজ। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য ও সুসজ্জিত র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকালের উদ্বোধনী অধিবেশন ছাড়াও বিকালে সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গোমেজের সভাপতিত্বে দুই অধিবেশনে বক্তব্য রাখেন জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, সুজিত রায় নন্দী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ড. নিমচন্দ্র ভৌমিক, ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ঊষাতন তালকুদার এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন