News71.com
 Bangladesh
 08 Apr 17, 10:26 PM
 241           
 0
 08 Apr 17, 10:26 PM

ভারতের সঙ্গের সকল চুক্তি ও সমঝোতা জনসমক্ষে প্রকাশ করতে হবে ।। ব্যারিষ্টার মওদুদ আহমদ

ভারতের সঙ্গের সকল চুক্তি ও সমঝোতা জনসমক্ষে প্রকাশ করতে হবে ।। ব্যারিষ্টার মওদুদ আহমদ

নিউজ ডেস্কঃ ভারতের সঙ্গে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি  বলেন, এসব চুক্তি বা সমঝোতায় দেশের স্বার্থবিরোধী কোনো শর্ত আছে কি-না তা জানার অধিকার মানুষের আছে। ভারতের সঙ্গে যা কিছু হয়েছে তা প্রকাশ করতে হবে। দেশবাসীর কাছে এসব চুক্তি গোপন রাখলে চলবে না। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের দাবি এবং জঙ্গিবাদ দমনে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, জাগপার খন্দকার লুৎফর রহমান, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি,সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ।

মওদুদ আহমদ বলেন,জাতীয় স্বার্থবিরোধী কোনো রকমের সমঝোতা দেশের মানুষ গ্রহণ করবে না। এমন কোনো শর্ত এই সমঝোতায় থাকা চলবে না, যাতে আমাদের সেনাবাহিনী আরও দুর্বল হয়, তাদের সক্ষমতা কমে যায়। কোনো শর্ত এই সমঝোতায় থাকা উচিত হবে না। নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে মওদুদ বলেন,আমরা আগেও সমঝোতা ও সংলাপের কথা বলছি। দেশে যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ ভোটের অধিকার ফিরে পায়, তার জন্য আলাপ-আলোচনার মাধ্যমে আমরা এর সমাধান চাই। যদি এই সমঝোতার পথ বন্ধ হয়ে যায়, তাহলে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল ও দেশের জনগণকে নিয়ে আন্দোলনের কোনো বিকল্প থাকবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন