
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় এলে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে, দেশের উন্নয়ন হয়। বিশ্ববাসীকে আজ শেখ হাসিনার বাংলাদেশ উন্নয়নে তাক লাগিয়ে দিয়েছেন। আজ শনিবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলা চত্বরে আয়োজিত শেখ হাসিনার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশের মানুষের শিক্ষা ও চিকিৎসায় আমুল পরিবর্তন এনেছেন। বিএনপি সরকারের বন্ধ করে দেওয়া কমিউনিটি ক্লিনিক আবার চালু করে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। এতে করে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন শেখ হাসিনা তা বাস্তবায়ন করছেন।
আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছেন। মানুষকে এনজিও থেকে সুদে ঋণ নেওয়া থেকে রক্ষা করেছেন। শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের পার্লামেন্টারী পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী (এমপি), যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ চন্দ্র শিকদার, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম।