
নিউজ ডেস্কঃ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ভয় ছিল, হাজারীবাগে ট্যানারির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ কাটতে গেলে প্রতিরোধ আসতে পারে। তাই ২দিন দেরি করে পূর্ণ শক্তি নিয়ে গতকাল শনিবার সকালে সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। তবে শেষ পর্যন্ত শ্রমিক-মালিকদের কোনো ধরনের প্রতিরোধই দেখা যায়নি। মূলত বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার পরপরই উৎপাদন বন্ধ হয়ে যায় ট্যানারিগুলোতে। ফলে ৬০ বছর পর ট্যানারির বিষমুক্ত হলো হাজারীবাগ।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ আলমগীর গতকাল সন্ধ্যায় আমাদেরকে বলেন,শনিবার সারা দিনে ২২৪ ট্যানারির বিদ্যুৎ, ১৯৩টির পানি ও ৫৪টির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আর গত মঙ্গলবার ১৫৪ ট্যানারির টেলিফোন সংযোগ কেটে দেওয়া হয়। তিনি আরো বলেন,আদালত থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সে আলোকেই কাজ করা হয়েছে। আজ রবিবার আদালতে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান মোহাম্মদ আলমগীর।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাজারীবাগে ট্যানারির দূষণ রোধে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল এরশাদের শাসনামলে ১৯৮৬ সালে। ২০০৩ সালে বিএনপি সরকারের আমলে ট্যানারি সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে নিতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। অবশ্য এক যুগ পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ শেষ হয়নি। এ সময়ের মধ্যে অনেকবার ট্যানারি মালিকদের হেমায়েতপুরে হরিণধরা গ্রামে প্রায় ২০০ একর জমির ওপর প্রতিষ্ঠিত চামড়া শিল্পনগরীতে সরে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এক যুগ ধরে নানা খোঁড়া যুক্তি দেখিয়ে টালবাহানা করে আসছিলেন ট্যানারি মালিকরা। শেষ পর্যন্ত গতকাল বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে উৎপাদন বন্ধ হলো হাজারীবাগ ট্যানারির।
গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে যখন চায়নিজ ট্যানারির সেবা সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছিল, তখন সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন ওই কারখানায় ৫বছর ধরে কাজ করা শ্রমিক সুমন। চোখে-মুখে তাঁর অনিশ্চয়তা। জানতে চাইলে সুমন আমাদেরকে বলেন,সামনে ঈদ আসছে। বাড়িতে পরিবার আমার দিকে তাকিয়ে আছে। মালিক আমাকে সাভারে স্থানান্তর করবে না কি ছাঁটাই করবে কিছুই বুঝতে পারছি না। সব কিছু ওলট-পালট হয়ে গেছে। এখন কী করব মাথায় কিছু ধরছে না। মেসার্স এমবি ট্যানারি, গ্রেইট ইস্টার্ন ট্যানারি, সারওয়ার ট্যানারিসহ কয়েকটি ট্যানারির মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরা নিজেরাও হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে যেতে তৈরি। কিন্তু সেখানে যাওয়ার মতো পরিবেশ এখনো গড়ে ওঠেনি। গ্যাস নেই। পানি নেই। কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপির কাজ এখনো শেষ হয়নি। সব সেবা না থাকলে সেখানে গিয়ে কী হবে। হাজারীবাগে আরো ৬মাস থাকার দাবি ছিল মালিকদের। কিন্তু তার আগেই সেবা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাঁরা ক্ষুব্ধ। গ্রেইট ইস্টার্ন ট্যানারির কমার্শিয়াল ম্যানেজার গোলাম সারওয়ার বলেন,আমাদের দাবি ছিল, নিরাপত্তার স্বার্থে অন্তত বাতির লাইনটা চালু রাখা হোক। কিন্তু পরিবেশ অধিদপ্তর সেটিও শোনেনি। এখন ট্যানারির ভেতরে থাকা মালামাল নিরাপত্তাহীন হয়ে পড়ল।
সরেজমিনে ঘুরে দেখা গেল, চারদিকে সুনসান নীরবতা। শ্রমিকদের মধ্যে কোনো উত্তেজনা নেই। তাঁদের চোখে-মুখে অন্ধকার। নিজেদের দাবি তুলে ধরতে আগামী সোমবার সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। সেখানে সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরা হবে।
বুড়িগঙ্গা নদীসহ রাজধানীর বড় একটি এলাকার পরিবেশ দূষিত করছে—এ যুক্তি দেখিয়ে হাজারীবাগ থেকে ট্যানারিশিল্প ঢাকার বাইরে সরিয়ে নিতে বছরের পর বছর ধরে আন্দোলন করে আসছেন পরিবেশবাদীরা। সরকারের পক্ষ থেকেও অনেকবার সময় দেওয়া হয়েছিল এ জন্য। তাতে কর্ণপাত করেনি ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় আদালতকে। হাজারীবাগে ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে গত ৬ মার্চ নির্দেশ দেন হাইকোর্ট। এ রায় সুপ্রিম কোর্টেও বহাল থাকে। ট্যানারি মালিকরা ঈদুল আজহা পর্যন্ত সময় চেয়ে আবেদন করলে তা খারিজ করে দেন আদালত। একই সঙ্গে ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে ১০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশনার পর সেবাদানকারী সংস্থা ঢাকা ওয়াসা, ডিপিডিসি ও তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে পরিবেশ অধিদপ্তর। সংযোগ বিচ্ছিন্নের সব প্রস্তুতিই চূড়ান্ত করা হয়। কিন্তু ঢাকায় ৫দিনব্যাপী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন ও ওলামা সম্মেলনের কারণে পর্যাপ্ত পুলিশ ফোর্স পাওয়া যাচ্ছিল না। তাই অভিযান পরিচালনা করতে ২দিন দেরি হয়। অবশেষে পুলিশের কাছ থেকে পর্যাপ্ত ফোর্স পেয়ে সব ধরনের প্রস্তুতি নিয়ে গতকাল শনিবার সংযোগ বিচ্ছিন্ন করতে নামে পরিবেশ অধিদপ্তর।
জানতে চাইলে নিউ মার্কেট থানার ট্রাফিক ইন্সপেক্টর মোস্তাক আহমেদ বলেন, আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি। ফোর্স ছিল ১০০-এর মতো। পাশাপাশি সিনিয়র কর্মকর্তারাও ছিলেন। অভিযান পরিচালনা করার সময় শ্রমিকদের কাছ থেকে কোনো ধরনের প্রতিরোধ আসেনি। শান্তিপূর্ণভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বিদ্যুৎ সংযোগ কাটতে সময় কম লাগলেও পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বেশ বেগ পোহাতে হয়েছে ডিপিডিসি ও ঢাকা ওয়াসাকে। আবার যাতে কেউ সংযোগ নিতে না পারে, সে ব্যবস্থা করতে সময় বেশি লাগে।
এদিকে পরিবেশের ক্ষতিপূরণ বাবদ ১৫৪ ট্যানারির ৩১ কোটি টাকা পরিশোধের বিষয়ে আগামী সোমবার আদালতে শুনানির কথা রয়েছে। অবশ্য বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন,আদালত যে রায় দিয়েছেন, আমরা তা প্রতিপালনে সহযোগিতা করেছি। তিনি অভিযোগ করেন,সাভারে যাওয়ার প্রস্তুতি নেই। সেখানে গ্যাস, পানির সংযোগ নেই। সিইটিপি নেই। সেবা সংযোগ বিচ্ছিন্ন করার কারণে শ্রমিকরা বেকার এবং ৬০ বছরের শিল্প এক দিনে বন্ধ হয়ে গেল। নিজেদের দাবি তুলে ধরতে আগামী সোমবার মহাসমাবেশ করা হবে বলে জানান শাহীন আহমেদ।