
নিউজ ডেস্কঃ হাজারীবাগের ট্যানারি মালিকরা সাভারে চামড়া শিল্পনগরী প্রকল্প তৈরির ক্ষেত্রে বিসিকের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ এনে এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে সাভারে ট্যানারিতে গ্যাস সংযোগ দেয়া না হলে বিসিক ঘেরাওয়ের হুমকিসহ ৯ দফা দাবি তুলে ধরা হয়েছে। আজ সোমবার রাজধানীর হাজারীবাগে ট্যানারি মালিক ও শ্রমিকরা এক সমাবেশে এসব দাবি তুলে ধরেন। সমাবেশে বক্তারা বিসিকের বিরুদ্ধে ট্যানারি শিল্প ধ্বংসের অভিযোগ আনেন। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, চামড়া শিল্পের ইতিহাসে এক কালো অধ্যায় রচিত হয়েছে। ১৯৯১ সালে তৃতীয়পক্ষ পাট শিল্পকে ধ্বংস করেছিল। আর ২০১৭ সালে এসে চামড়া শিল্পের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে একটি পক্ষ। দেশে আর কেউ কখনও শিল্প উদ্যোক্তা হতে সাহস করবে না।
তিনি বলেন, আমাদের শিকড় অনেক গভীরে। আমাদের শ্রমিকরা তাদের কাজের সুযোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত হাজারীবাগ কর্মস্থল ছাড়বে না। আজ আমাদেরকে বিসিক ডুবিয়েছে। তাই বিসিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। সমাবেশে বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন ৯ দফা দাবি তুলে ধরেন। আগামী ১২ এপ্রিল হাজারীবাগে কালো পতাকা মিছিল ছাড়াও আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে যদি সাভারে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানানো হয়। সেই সঙ্গে, ২০০৩ সালে সম্পাদিত সমঝোতা স্মারক অনুযায়ী সাভারের জায়গা দ্রুত নিবন্ধন দেয়া, শিল্প নগরীতে অন্তর্জাতিক মানের সিইটিপি’র ব্যবস্থা করা, কাজ বন্ধ থাকা অবস্থায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য মালিকপক্ষকে এককালীন অর্থ প্রদান করা, কারখানা উৎপাদন বন্ধ থাকাকলীন সময়ের ক্ষতিপূরণ। এছাড়া বিসিকের অব্যবস্থাপনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানানো হয়।
সমাবেশে ট্যানারি মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট নেতারা বক্তব্য দেন। এ সময় তারা সাভারে চামড়াশিল্প নগরীতে শ্রমিকদের বাসস্থানসহ অন্যান্য সুযোগসুবিধা নিশ্চিত করার দাবি জানান। ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত উল্লাহ, সহ-সভাপতি দিল জান ভূইয়া, ট্যানারি ওয়াকার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদসহ চামড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।