News71.com
 Bangladesh
 12 Apr 17, 06:04 PM
 195           
 0
 12 Apr 17, 06:04 PM

চট্টগ্রামে পহেলা বৈশাখে পানির বোতল বহনে নিষেধাজ্ঞা সিএমপি’র

চট্টগ্রামে পহেলা বৈশাখে পানির বোতল বহনে নিষেধাজ্ঞা সিএমপি’র

নিউজ ডেস্ক : পহেলা বৈশাখে চট্টগ্রামের তিন অনুষ্ঠানস্থলে পানির বোতল বহনে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একইভাবে মঙ্গল শোভাযাত্রায়ও পানির বোতল বহন না করতে বলা হয়েছে। তবে ওই অনুষ্ঠানস্থল তিনটিতে পুলিশের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে সিএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছেন কমিশনার ইকবাল বাহার।

ইকবাল বাহার বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা এবং নগরীর তিন ভেন্যুতে পানির বোতল, ব্যাগ বা প্যাকেট বহন করা যাবে না। এসব স্থানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা থাকবে। পাশাপাশি সিটি করপোরেশনও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করবে।’ তিনি আরও বলেন, ‘মঙ্গল শোভাযাত্রায় দেহ তল্লাশি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং মাঝপথ থেকেও কেউ শোভাযাত্রায় প্রবেশ করতে পারবে না। কোনোভাবেই মুখোশ পড়া যাবে না, সঙ্গে থাকলে তা হাতে বহন করা যাবে।’

সিএমপি কমিশনার বলেন, ‘বদ্ধ স্থানে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে যথাযথ পুলিশ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। পাশাপাশি উন্মুক্ত স্থানে আয়োজিত অনুষ্ঠান বিকাল ৫ টার মধ্যে শেষ করতে হবে।’ তিনি বলেন, ‘শুক্রবারেই যেহেতু পহেলা বৈশাখ উদযাপিত হবে সেহেতু জুম্মার নামাজের সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাইকে উচ্চস্বরে গান-বাজনা বন্ধ রাখতে হবে।’ এছাড়া বিগত বছরগুলোর মতো প্রধান প্রধান ভেন্যুতে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। একই সঙ্গে একহাজার ২শ’ পুলিশ নিরাপত্তার বিষয়াদি দেখভাল করবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন