
নিউজ ডেস্ক : বরিশালে মঙ্গল শোভাযাত্রা বন্ধ করার জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নামে উড়োচিঠিতে হুমকি দেওয়া হয়েছে। মঙ্গল শোভাযাত্রাকে হিন্দুয়ানি সংস্কৃতি হিসেবে অভিহিত করে এই আয়োজন বন্ধে জেএমবি বোমা হামলার জন্য প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করা হয়। বাংলা বর্ষবরণের অনুষ্ঠান বন্ধ না করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে ওই চিঠিতে। মঙ্গলবার (১১ এপ্রিল) শহরের বিটিভি কার্যালয়ে অজ্ঞাত ব্যক্তিরা এ চিঠি ফেলে রেখে যায়। চিঠি পাওয়ার পর কোতায়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন।
গতকাল মঙ্গলবার নগরীর বিবির পুকুরের পূর্বপাড়স্থ বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) সংলগ্ন বিটিভি কার্যালয়ে একটি হলুদ খামে করে চিঠিটি অজ্ঞাত ব্যক্তিরা ফেলে রেখে যায়। বেলা ১টার দিকে অফিস খোলার পরে চিঠিটি বরিশাল চারুকলার মঙ্গল শোভাযাত্রার আইনশৃঙ্খলা কমিটির প্রধান ও বিআরইউয়ের সাবেক সভাপতি নজরুল বিশ্বাসের হাতে পৌঁছে।
চিঠিটি হাতে পাওয়ার পর বিআরইউ ও চারুকলা বরিশালের নেতারা তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানাকে অবহিত করেন। পরে বেলা ৩ টায় চারুকলার সদস্য ও বিআরইউয়ের সাবেক সভাপতি সুশান্ত ঘোষ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।জেএমবির নামে পাঠানো ওই চিঠিতে প্রাপক হিসেবে উল্লেখ করা হয়েছে বরিশাল চারুকলার মঙ্গল শোভাযাত্রার সংগঠক সুশান্ত ঘোষ ও সুভাষ চন্দ্র দাস নিতাই এবং বরিশাল জেলা উদীচীর সভাপতি বিশ্বনাথ দাস মুনশীর নাম।
হাতে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ‘ইসলামিক দেশ বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার নামে হিন্দুয়ানি কালচার বন্ধ করো। উদীচী-চারুকলার সব কার্যক্রম বন্ধ করো। দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও জেএমবি প্রস্তুত আছে বোমা হামলা করার জন্য। আর সেটা যদি মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার নামে অশ্লীলতাকে ধ্বংস করতে পারে, তাহলে আমরা সেখানেই আমাদের মিশন টার্গেট করছি। এইসব হিন্দুয়ানি কালচার বন্ধ না করলে তোমাদের সকল কার্যালয় উড়ে যাবে।’
সংশ্লিষ্ট ব্যাক্তিদের মৃত্যুর হুমকি দিয়ে চিঠিতে লেখা হয়েছে, ‘বিশিষ্ট ব্যক্তি এবং উদীচী-চারুকলা ও অন্যান্য নাস্তিক্যবাদী সংগঠনের লোকজনের তালিকা করা হচ্ছে। শিগগিরই তারা মৃত্যুর স্বাদ পেয়ে যাবে। এসব বেলাল্লাপনা অচিরেই বন্ধ করো, নইলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো।’ কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই মহিউদ্দিন বলেন, ‘জেএমবির হুমকি দেওয়ার একটি চিঠি নিয়ে থানায় জিডি করা হয়েছে। জিডি নম্বর ৬১০।’
তবে চিঠির মাধ্যমে হুমকি পেলেও মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। বরিশাল জেলা উদীচীর সভাপতি বিশ্বনাথ দাস মুনশী বলেন, ‘চিঠির মাধ্যমে হুমকি পেলেও আমরা মঙ্গল শোভাযাত্রার সব প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে পুলিশকেও জানিয়ে রেখেছি আমরা।’