
নিউজ ডেস্ক : কাশিমপুরের কেন্দ্রীয় কারাগারে ফাঁসির সেলে মৃত্যুদন্ডপ্রাপ্ত মুফতি আব্দুল হান্নান মায়ের সঙ্গে মোবাইলে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন। বুধবার (১২ এপ্রিল) সকালে মুফতি হান্নানের সঙ্গে কারাগারে সাক্ষাত শেষে তার বড়ভাই আলি উজ্জামান সাংবাদিকদের একথা জানিয়েছেন। আলি উজ্জামান বলেন, ‘মুফতি হান্নান সবার কাছে দোয়া চেয়েছেন। মাকে সালাম জানিয়েছেন, তার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, যে কদিন হায়াত আছে ওই কদিনই বেঁচে থাকব। দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন আমাকে নাজাত দান করেন, হেফাজত করেন এবং ঈমানের সাথে যেন মৃত্যুবরণ করতে পারি। আমাকে মিথ্যা মামলায় জড়িত করে এ অবস্থায় দাঁড় করানো হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যেটা হয়েছে সেটাই আমাকে মেনে নিতে হবে।’ এ ছাড়াও তিনি তার সন্তানদের প্রতি তাদের লক্ষ্য রাখতে ভাইকে অনুরোধ করেছেন এবং সবার সাথে তাদের মিলেমিশে থাকতে বলেছেন।
আলি উজ্জামান বলেন, ‘তিনি মায়ের সাথে কথা বলার ইচ্ছে প্রকাশ করলে কারা কর্তৃপক্ষ তার মোবাইল নম্বর রেখে দিয়ে বলেছেন, কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সম্ভব হলে মায়ের সাথে হান্নানকে কথা বলিয়ে দেবেন।’ মুফতি হান্নানের স্ত্রী বলেন, ‘হান্নান বলেছেন, যে মামলায় তাকে ফাঁসি দেওয়া হচ্ছে এটা মিথ্যা মামলা। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ সময় তিনি তার পরিবারের সবাইকে ধৈর্য্য ধরতে বলেছেন।’
আজ বুধবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে মুফতি আব্দুল হান্নানের স্ত্রী জাকিয়া পারভীন রুমা, দুই মেয়ে নাজনীন খানম ও নিশি খানম এবং তার বড় ভাই আলী উজ্জামান গাজীপুরের কারাগার কমপ্লেক্সে এসে পৌঁছান। পরে সকাল ৭ টার দিকে কারা কর্তৃপক্ষ তাদের সাক্ষাতের সুযোগ করে দেন। ৮ টার দিকে সাক্ষাত শেষে তারা কারাগার থেকে বের হন বাড়ির উদ্দেশ্য রওনা হন।প্রসঙ্গত, মঙ্গলবার রাত ৯ টার দিকে পরিবারের চার সদস্য তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়া থানার হিরন এলাকা থেকে কারাগারের উদ্দেশ্যে রওনা দেন। সকালে তারা কারাগারে এসে পৌঁছান।