News71.com
 Bangladesh
 12 Apr 17, 06:37 PM
 288           
 0
 12 Apr 17, 06:37 PM

উচ্চ আদালতে বিচারক নিয়োগ নীতিমালা বিষয়ে রায় আগামীকাল।। 

উচ্চ আদালতে বিচারক নিয়োগ নীতিমালা বিষয়ে রায় আগামীকাল।। 

 

নিউজ ডেস্কঃ উচ্চ আদালতে বিচারক নিয়োগের নীতিমালা নিয়ে রিটের রায় হবে আগামীকাল বৃহস্পতিবার। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার ১২ এপ্রিল রায়ের এই দিন নির্ধারণ করেন। এর আগে গত ২৮ আগস্ট এ বিষয়ে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। সে দিনই আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন আদালত। রিট আবেদনকারী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান এম এস আজিম ও মির্জা আল মাহমুদ।

রুল শুনানিকালে এ মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দিয়েছেন ৭জন  জ্যেষ্ঠ আইনজীবী। তারা হলেন ড. কামাল হোসেন,ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ,ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ,আজমালুল হোসেন কিউসি,ব্যারিস্টার শফিক আহমেদ ও এ এফ হাসান আরিফ। বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতা আনতে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে ২০১০ সালের ৩০ মে সুপ্রিম কোর্টের আইনজীবী রাগীব রউফ চৌধুরী এ রিট দায়ের করেন।

রিটের শুনানি নিয়ে ২০১০ সালের ৬ জুন বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা আনতে কেন সুনির্দিষ্ট দিক-নির্দেশনা তৈরি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। পরে রিট মামলাটি শুনানির জন্য বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে যায়। ওই বেঞ্চ সাতজন অ্যামিকাস কিউরি নিয়োগ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন