
নিউজ ডেস্কঃ গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এক ভুয়া ডিবি সদস্যকে গ্রেপ্তার করেছে আসল ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত ভুয়া ডিবি সদস্যের নাম ইমাম শাহাজাদা ওরফে রায়হান। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বেইলী স্কোয়ার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি উত্তর বিভাগের একটি দল। এ সময় তার কাছ থেকে পুলিশের এক সেট ইউনিফর্ম,একটি নেমপ্লেট, একটি খেলনা পিস্তল ও এক জোড়া কালো জুতা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান,গত ২৯ জানুয়ারি ইমাম শাহাজাদা নুর আলম সিদ্দিকী নামের এক ব্যক্তিকে চট্টগ্রাম বন্দর থেকে ‘প্রিমিও সুপেরিওর’ প্রাইভেটকার কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এজন্য সে নুর আলম সিদ্দিকীর কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু টাকা নেয়ার পর থেকে শাহাজাদার কোন খোঁজ পাচ্ছিলেন না নুর আলম। পরে তিনি বাদী হয়ে রমনা মডেল থানায় একটি মামলা করেন। সেই মামলায় শাহাজাদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।