
নিউজ ডেস্ক : করদাতাদের বকেয়া কর পরিশোধে উদ্বুদ্ধ করতে এ বছর প্রথমবারের মতো হালখাতা উৎসব করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামীকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এনবিআরের এই হালখাতায় অংশ নিবেন দেশের বড় বড় শিল্পপতি, ব্যাংক, বীমাসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।
এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, নববর্ষে ‘হালখাতা’ আমাদের গর্বিত বাংলা সংস্কৃতির অন্যতম ধারক। জাতীয় রাজস্ব বোর্ড উদ্ভাবনী পন্থায় কাজ করছে। এরই অংশ হিসেবে নতুন উদ্ভাবন নববর্ষে বকেয়া রাজস্ব আহরণে ‘হালখাতা’ আয়োজন। তিনি বলেন, বৃহস্পতিবার চৈত্র সংক্রান্তির দিনে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনার ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে রাজস্ব হালখাতা আয়োজন করা হচ্ছে।
জানা গেছে, ইতিমধ্যে বাংলা নতুন বছরকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে করদাতা, অংশীজন, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ীসহ সর্বসাধারণকে এ উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে। বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজস্ব সংস্কৃতির আদলে একটি গেট নির্মাণ ও অফিস সজ্জিত রাখা হবে। দেশে তৈরি মিষ্টি, মোয়া-মুড়কি, বাতাসা ও স্থানীয় সুস্বাদু খাবার ইত্যাদির মাধ্যমে আপ্যায়নের ব্যবস্থা থাকবে। কর্মকর্তা-কর্মচারীরা আগত অতিথিদেরকে অভ্যর্থনা ও সম্মান জানাবেন। অনুষ্ঠানে আয়কর, ভ্যাট ও কাস্টমস বিষয়ক টিভিসি প্রদর্শন করা হবে।
এদিকে, বুধবার এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের বড় শিল্প-প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংক, বীমা, ইন্ডাস্ট্রি সবই এলটিইউ এর অধীনে রাজস্ব প্রদান করে থাকে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এনবিআর চেয়ারম্যানের নির্দেশনায় এলটিইউ ‘ওপেন হাউজ ডে’র পরিবেশে ‘রাজস্ব হালখাতায়’ ব্যতিক্রমী আয়োজন করতে যাচ্ছে। এতে দেশের রাজস্ব ক্ষেত্রে বড় অবদান রাখা শিল্পপতি, ব্যাংক, বীমাসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেবেন, বড় আকারে বকেয়া রাজস্ব প্রদান ও নববর্ষে হালখাতার ঐহিত্যবাহী ভোজনে অংশ নেবেন। ‘ওপেন হাউজ ডে’ পরিবেশে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রাজস্ব হালখাতা চলবে। এছাড়া বৃহৎ করদাতাদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে দুপুর ১ টায় এলটিইউর (সেগুনবাগিচাস্থ সরকারি অফিসের ৭ম তলা) সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। স্বাস্থ্য ও পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি প্রধান অতিথি ও এফবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এলটিইউ ছাড়া সকল কর অঞ্চলে উৎসবের আমেজে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ‘রাজস্ব হালখাতা’ অনুষ্ঠিত হবে।