
নিউজ ডেস্কঃ বরিশালে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ এনে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক মা। গতকাল বুধবার (১২ এপ্রিল) নগরের ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি এলাকার মৃত মালেক হাওলাদারের স্ত্রী লুৎফন্নেছা বকুল বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. আলী হোসাইন মামলাটি আমলে নিয়ে বাদীর ছেলে বাহাউদ্দিন বাহাদুরকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী সাখাওয়াত হোসেন মামলার লিখিত অভিযোগের বরাত দিয়ে জানান,বাহাউদ্দিন বাহাদুরের মা লুৎফন্নেছা বকুল তার ছেলেকে জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য বলে মামলায় উল্লেখ করেছেন। সে বিভিন্ন সময় টাকার জন্য মা লুৎফন্নেছা বকুলকে মারধর করে টাকা নেয় এবং সংগঠনে দান করে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার মায়ের কাছে সম্পত্তি বিক্রি করে টাকা দাবি করেন।
কিন্তু তিনি টাকা দিতে অপারগতা জানালে মা লুৎফন্নেছা বকুলকে মারধর করে ঘরের চাবি কেড়ে নেন বাহাউদ্দিন বাহাদুর। এক পর্যায়ে আলমিরা ভেঙে নগদ ১০ হাজার টাকা ও লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার এবং সম্পত্তির দলিল নিয়ে পালিয়ে যান তিনি।