News71.com
 Bangladesh
 13 Apr 17, 09:32 AM
 235           
 0
 13 Apr 17, 09:32 AM

শেখ হাসিনা ধর্ম নিয়ে রাজনীতি করছেন : খালেদা জিয়া

শেখ হাসিনা ধর্ম নিয়ে রাজনীতি করছেন : খালেদা জিয়া

 

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল গুলশানে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে ভারতের সঙ্গে প্রতিরক্ষাবিষয়ক যে সমঝোতা স্মারক সই হয়েছে, তাতে দেশের মানুষ শঙ্কিত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন খালেদা জিয়া। উল্লেখ্য গত ৭ এপ্রিল চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারত যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ এপ্রিল সফর শেষে দেশে ফেরেন তিনি। এই সফরে প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে ৩৬টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে।সফরের বিষয়ে গত মঙ্গলবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। এর একদিন পর গুলশানের সংবাদ সম্মেলনে একই বিষয় নিয়ে কথা বলেন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এই সফরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা প্রশিক্ষণবিষয়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যেভাবে ভারতের সম্পর্ক প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে, তার ফলে এসব প্রতিষ্ঠানের সিলেবাস, কারিকুলাম ও অন্যান্য স্পর্শকাতর বিষয়টি অযাচিত হস্তক্ষেপের মুখে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।’ কিনি আরও বলেন 'আমরা উদ্বেগের সঙ্গে আরো লক্ষ করছি যে, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাস করার জন্য যে শুল্ক, অশুল্ক বাধাগুলো দূর করা প্রয়োজন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি,’ বলেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এই সফরে প্রতিরক্ষাবিষয়ক কোনো চুক্তি ও সমঝোতা সই না করার ব্যাপারে সফরের আগেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুধীসমাজ ও সচেতন নাগরিকবৃন্দ প্রকাশ্যেই তাঁদের মতামত জোরালোভাবে ব্যক্ত করেন। এ ব্যাপারে বাংলাদেশের নাগরিকদের মধ্যে একটি জাতীয় ঐকমত্য গড়ে উঠেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের মতামতের প্রতিধ্বনি করে আমরাও এ ধরনের কোনো চুক্তি স্বাক্ষর না করার দাবি জানিয়েছিলাম।’ 'তা সত্ত্বেও জনসাধারণের মতামতকে উপেক্ষা করে এ ধরনের স্পর্শকাতর বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। এর সুদূরপ্রসারী বিরূপ প্রতিক্রিয়া হতে পারে বলে বাংলাদেশের জনগণের সঙ্গে আমরাও শঙ্কিত।’

‘তিস্তার আলোচনায় মমতা কেন’
খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে দুই দেশের আলোচনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখায় বাংলাদেশের সার্বভৌম মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। 'ভাটির দেশ হিসেবে সকল আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আমাদের অধিকার। এটা কারো কোনো দয়া-দাক্ষিণ্য বা করুণার বিষয় নয়। তিস্তার পানিবণ্টনের বিষয়টি দুই সার্বভৌম দেশের মধ্যকার বিষয়। এ জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকেই বিষয়টি ফয়সালা করতে হবে’, বলেন খালেদা জিয়া। 'তৃতীয় পক্ষ হিসেবে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) দুই দেশের মধ্যকার আলোচনায় সংশ্লিষ্ট করায় বাংলাদেশের সার্বভৌম মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে’, যোগ করেন বিএনপির চেয়ারপারসন।

সংবাদ সন্মেলনে শেখ হাসিনা ধর্ম নিয়ে রাজনীতি করছেন এই অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সন বলেন ' দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিকে প্রভাবিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছেন । তিনি বলেন, ‘দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের অনুভূতিকে এক্সপ্লয়েট করার জন্য শেখ হাসিনা ভারত সফরের আগে আলেম সম্মেলন করেন। ফিরে এসে গতকালই আবার হেফাজতে ইসলাম প্রভাবিত কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদের সঙ্গে বৈঠক করেছেন। আলেমদের সঙ্গে তাঁর অতীত আচরণ এবং ধর্মীয় মূল্যবোধের ওপর ক্রমাগত আঘাতের কথা দেশবাসী নিশ্চয়ই ভুলে যায়নি। এখন তিনি নিজেই ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছেন।’

‘অতীতেও ধর্ম নিয়ে রাজনীতি করার লক্ষ্যে দেশে ইসলামী শরিয়তি আইন চালুর জন্য একই ধর্মভিত্তিক দলের সঙ্গে চুক্তি করেছিলেন। এখন কওমি মাদ্রাসা সনদকে স্বীকৃতি দেওয়ার কথা বলে ধোঁকা দিচ্ছেন।’ কওমি শিক্ষার উন্নয়নে বিএনপির নেতৃত্বাধীন সরকারের অবদান তুলে ধরে খালেদা জিয়া বলেন, ‘আমাদের সরকার দায়িত্বে থাকার সময় মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করা হয়েছিল। ২০০৬ সালে কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি আমাদের সরকার দিয়েছিল। সেটা গেজেট নোটিফিকেশনও হয়েছিল। পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে তা কার্যকর হয়। গত ১১ বছরে মাদ্রাসা-বিরোধী সরকারগুলোর নেতিবাচক মনোভাবের কারণে বিষয়টি আর এগোতে পারেনি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন