News71.com
 Bangladesh
 13 Apr 17, 12:15 PM
 268           
 0
 13 Apr 17, 12:15 PM

ছায়ানটে এবার পঞ্চাশতম প্রভাতী বর্ষবরণ

ছায়ানটে এবার পঞ্চাশতম প্রভাতী বর্ষবরণ

নিউজ ডেস্ক : বাংলা ১৩৭১ সালের পহেলা বৈশাখ রমনার বটমূলে ছায়ানট বাংলা নববর্ষ পালন শুরু করে। কালক্রমে এই নববর্ষ পালন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। নববর্ষ উদযাপন প্রথার প্রবর্তন করা রমনা বটমূলে ছায়ানট আয়োজিত বর্ষবরণের আয়োজনটি এবার পদার্পণ করছে পঞ্চাশতম বছরে।১৯৬৭ সালে স্বাধিকারের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়াসে শুরু হওয়া প্রভাতী অনুষ্ঠানটির ৫০ বছরকে স্মরণীয় করে রাখতে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশের প্রসিদ্ধ এই সাংস্কৃতিক সংগঠনটি।

রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠানটিই দেশের অন্যতম বৈশাখী অনুষ্ঠান হিসেবে স্বীকৃত। সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা চর্চা, ধারণ ও লালনে ছায়ানটের ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্ষবরণে ছায়ানট বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এ দিনটিকে করে তোলে উৎসবমুখর। এবার পয়লা বৈশাখ ভোর ৬ টা ১০ মিনিটে রাজরূপা চৌধুরীর সরোদের সুরে রমনা বটমূলে ছায়ানটের পঞ্চাশতম বর্ষবরণের সূচনা হবে। পঞ্চাশতম নববর্ষ উদযাপনকে একইসঙ্গে আনন্দপূর্ণ ও তাৎপর্যময় করতে আয়োজনে থাকছে লোকগানের পৃথক পর্ব। সব মিলিয়ে ঘণ্টা দুয়েকের গান ও পাঠাবৃত্তির মূল পর্ব শেষে পরিবেশিত হবে প্রান্তিক সংস্কৃতির কথা বলা ঘণ্টাব্যাপ্তির পালাগান।

নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে জাতীয় উৎসবে পরিণত হওয়া আয়োজনটি এ বছর দেড় ঘণ্টা বর্ধিত হয়ে চলবে প্রায় সকাল ১০ টা পর্যন্ত। এ ছাড়া পুরো আয়োজনে ভেসে বেড়াবে পঞ্চকবির গান। গাওয়া হবে রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ ও রজনীকান্ত সেনের গান। সেই সঙ্গে মানবিকতার আবাহনে গীত হবে বাউলসাধক লালন সাঁইয়ের গান। ১৪২৪ বঙ্গাব্দের বর্ষবরণে ছায়ানটের শিল্পী শিক্ষক ও শিক্ষার্থী শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হবে ১০ টি সম্মেলক গান। একককণ্ঠে গাওয়া হবে ১৪ টি গান। সব মিলিয়ে পরিবেশনায় অংশ নেবে ১শ’ ৬০ কণ্ঠশিল্পী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন