
নিউজ ডেস্ক : নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলের ভিত্তিতে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই করবে আওয়ামী লীগ। বুধবার (১২ এপ্রিল) কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত জানান। তিনি জানান, ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের আসন ভিত্তিক ফল সংগ্রহ করে এখন তা পর্যালোচনা চলছে। ওই নির্বাচনে কোন আসনে দলীয় প্রার্থীর কী ফল ছিল, কে কোথায় ভালো করেছেন, সে সব তথ্য বিশ্লেষণ করে পরবর্তী নির্বাচনের মনোনয়ন দেওয়া হবে। বৈঠকে উপস্থিত কার্যনির্বাহী সংসদের এক সদস্য এ তথ্য জানান।
বৈঠকে উপস্থিত কার্যনির্বাহী সংসদের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ বিলুপ্ত করে আহ্বায়ক ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সংগঠন দু’টির মধ্যকার দ্বন্দ-বিভেদে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা এই সিদ্ধান্তের কথা জানান। জানা গেছে, আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের এই সংগঠন দু’টির মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই বিরোধ আরও চাঙ্গা হয়ে উঠেছে। এই সংগঠনের বিরোধের কারণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা বারসহ দেশের বিভিন্ন স্থানে আইনজীবীদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বার বার পরাজিত হচ্ছে। এ সব কারণে দলীয় হাইকমান্ড বেশ ক্ষুব্ধ বলেও বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান।
কার্যনির্বাহী সংসদের বৈঠকে উপস্থিত এক সদস্য বলেন, ‘বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের প্রসঙ্গ তোলেন। নির্বাচনের পরাজয়ের জন্য দলের অভ্যন্তরীণ কোন্দলের কথা জানান তিনি। এ সময়ে দলীয় সভাপতির দৃষ্টি আকর্ষণ করে তিনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।’ তিনি বলেন, ‘এখনই ব্যবস্থা না নেওয়া হলে এটি বাড়বে। অন্যান্য জায়গায়ও তার প্রতিফলন দেখা যাবে। এ সময় ওবায়দুল কাদের চট্টগ্রামে আন্তঃকোন্দলের কথাও তুলে ধরেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লার বিষয়টি আমি জানি। এই বিষয়টি নিয়ে এত কথা বলার দরকার নেই। আমি এটি দেখব। আমি কুমিল্লা ও চট্টগ্রামের নেতাদের ডাকব, তাদের সঙ্গে কথা বলব। কারও দোষ পেলে ব্যবস্থা নেব।’