
নিউজ ডেস্কঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার যুবক রাজু (২৫) গত রোববার সকালে সিলোকোসিসে আক্রান্ত হয়ে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে মারা গেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে,পাথর ক্রাশিং মেশিনের ধূলিকণা নাকে মুখে প্রবেশ করে শ্বাসনালী এবং লাঞ্চ নষ্ট করে ফেলে। ফলে আক্রান্ত ব্যক্তি কিছু দিন বেঁচে থাকলেও পরে সে মারা যায়। উফারমারা ঘুন্টি উত্তরপাড়া এলাকার মোহসিন আলীর ছেলে রাজু বুড়িমারী বাজারে একটি পাথর ভাঙার ক্রাশিং মেশিনে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতেন। একপর্যায়ে তিনি সিলোকোসিসে আক্রান্ত হয়ে পড়েন। গত ৪বছরে এই রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে অন্তত ১০ থেকে ১২ জন।
জানা গেছে,বুড়িমারী বাজারের প্রধান সড়কের দুই পাশে উন্মুক্ত স্থানে ৫শতাধিক মেশিনে ২হাজার শ্রমিক প্রতিদিন কাজ করছেন। কাজ করার সময় তাদের মুখে না আছে কোনো মাস্ক না আছে স্বাস্থ্যসেবার জন্য কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা। বাঁচার তাগিদে তারা জীবনের ঝুঁকি নিয়ে ক্রাশিং মেশিনে পাথর ভাঙার কাজ করেন। এক দিকে মেশিনের শব্দ অন্য দিকে পাথরের ধূলিকণা বাতাসে ভেসে বেড়ায়। এতে আচ্ছন্ন হয়ে থাকে গোটা বাজার ও বন্দর এলাকা। ভারত থেকে যেসব বোল্ডার পাথর আমদানি করা হয় তার বেশির ভাগ ভাঙা হয় এসব মেশিনে।
এলাকাবাসী জানান,একেকটি মেশিনে প্রতিদিন প্রায় ১০০ সিএফটি পাথর ভাঙা হয়। এ হিসাবে প্রতিদিন এসব মেশিনে পাথর ভাঙা হয় প্রায় ৫০ হাজার সিএফটি। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে,আবাসিক এবং বাজারের জনবহুল এলাকায় অবাধে এসব ক্রাশিং মেশিন চললেও পরিবেশ অধিদফতর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে মাঝে মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে কিছু মেশিন-মালিকের কাছ থেকে জরিমানা আদায় করলেও স্থায়ী কোনো সমাধান না হওয়ায় তারা সহজেই পার পেয়ে যাচ্ছেন। এ দিকে সামান্য কিছু মজুরির বিনিময়ে সাধারণ মানুষের জীবন প্রদীপ নিভে যাচ্ছে চিরতরে।
বুড়িমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহ নেওয়াজ নিশাত বলেন,পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই এসব মেশিন চালানো হচ্ছে। যখন মেশিনগুলো চালানো হয় তখন পুরো এলাকা ধুলোয় আচ্ছন্ন হয়ে পড়ে। এসব ধূলিকণায় শুধু যে শ্রমিকেরাই আক্রান্ত হচ্ছে তাই নয় এলাকার সাধারণ লোকজন এবং বাজারের পাশে অবস্থিত স্কুলের ছাত্রছাত্রীরাও আক্রান্ত হচ্ছে। সূত্র জানায়,মেশিন চালু করার আগে পাথরের ধূলিকণা যাতে বাতাসে ভেসে বেড়াতে না পারে সে জন্য পানি ছিটানোর ব্যবস্থাসহ শ্রমিকদের মুখে মাস্ক পরার নিয়ম থাকলেও এসবের কোনো তোয়াক্কাই করেন না বেশির ভাগ মেশিন-মালিক।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: গোলাম মোহাম্মদ বলেন,গত অক্টোবরে ঢাকা থেকে একটি মেডিক্যাল টিম এসে সিলোকোসিস রোগীদের চিকিৎসাসেবা দিয়েছে। তবে তিনি মনে করেন এতে লাভ হবে না। তার মতে এই রোগে যাতে কেউ আক্রান্ত হতে না পারে আগে তার ব্যবস্থা নিতে হবে। মুখে মাস্ক ব্যবহার,নির্দিষ্ট স্থানে মেশিন চালানো,পর্যাপ্ত পানি ছিটানোসহ যে নিয়ম রয়েছে এসব কেউ মানছে না। তিনি বলেন,এই রোগে যে আক্রান্ত হয় তার শ্বাসনালীর পর্দা ধুলা জমতে জমতে নষ্ট হয়ে যায়। এতে আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়। লাঞ্চে ঘা হয়,লাঞ্চ শক্ত হয়। যার কারণে পরে চিকিৎসা করলেও কোনো লাভ হয় না।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরকুতুবুল আলম বলেন,পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া এসব মেশিন চালানো হচ্ছে।এ ব্যাপারে পরিবেশ অধিদফতর আমাদের কিছু বলছে না,বললে হয়তো শক্ত অবস্থান নেয়া যেত। ব্যবস্থা নিতে সুবিধা হতো। তবে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। গত মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে ৫ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান