News71.com
 Bangladesh
 13 Apr 17, 06:05 PM
 205           
 0
 13 Apr 17, 06:05 PM

হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ কখনও আপস করবে না ।। ওবায়দুল কাদের

হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ কখনও আপস করবে না ।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলাম বা কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আওয়ামী লীগ কখনও আপস করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতি করে না। হেফাজত বা আলেমদের সঙ্গে কোনো জোটও করেনি। আলেমদের সঙ্গে আলোচনায় শুধু কওমী মাদ্রাসার শিক্ষার স্বীকৃতি দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রসঙ্গত,হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে গত মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,যেকোনো মানদণ্ডে প্রধানমন্ত্রীর ভারত সফর ছিল অত্যন্ত কার্যকরি, ফলপ্রসূ ও সমগ্র জাতির জন্য মর্যাদাপূর্ণ। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই সফর সম্পর্কে গতানুগতিক মিথ্যাচার ও অন্তঃসার শূন্য বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপন করেছেন। বাংলাদেশের রাজনীতিতে কতিপয় অর্বাচীন ব্যক্তি ও দল সময়ে সময়ে এক ধরনের ভারতীয় জুজু’কে পুঁজি করে তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির অপচেষ্টা চালান। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার এই নোংরা খেলা নতুন কিছু নয়।

তিনি বলেন,বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতার রাজনীতি’র কৌশল বহুবার ব্যবহৃত হয়েছে। কিন্তু বাংলাদেশের সচেতন দেশপ্রেমিক জনগণ বিএনপির ভারতবিরোধিতার বহুল প্রচারিত এই ভাঙা রেকর্ড বারবার প্রত্যাখ্যান করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন