
নিউজ ডেস্কঃ দেশের ৬৮টি কারাগারে বিচারাধীন মামলার ৬৩০ জন আসামি ৫ থেকে ১৪ বছর ধরে বন্দী আছেন। তাঁদের বিরুদ্ধে ৯১৮টি মামলা বিচারাধীন। দিনের পর দিন তাঁরা আদালতে হাজিরা দিচ্ছেন,কিন্তু মামলার বিচার আর শেষ হচ্ছে না। ভুক্তভোগী ব্যক্তি ও আইনজীবীরা বলছেন,সময়মতো সাক্ষী না আসায় এসব মামলার বিচার আটকে যাচ্ছে। ফলে বিচারের দীর্ঘসূত্রতার শিকার হয়ে বিনা বিচারে বন্দিজীবন কাটাতে হচ্ছে এসব অভিযুক্ত ব্যক্তিকে। পাশাপাশি অপরাধের শিকার পরিবারগুলোও বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
৯ বছর আগে রাজধানীর খিলগাঁওয়ে নিজ বাসায় খুন হন মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মাহবুবা বেগম। ঢাকার বিশেষ জজ-৩ আদালতে বিচারাধীন এই হত্যা মামলার সাক্ষীদের আদালতে হাজির না করায় বিচার থমকে আছে। মাহবুবা বেগমের ভাই ও বাদী শেখ আবদুর রহিম বলেন,কয়েক বছর আগে তিনি আদালতে সাক্ষ্য দিয়ে এসেছেন। অথচ অন্য সাক্ষীদের আদালতে হাজির করা হচ্ছে না। যে কারণে খুনের এত বছর পরও বিচার পাচ্ছেন না তিনি।
অনুসন্ধানে দেখা গেছে,যেসব মামলার সাক্ষী আসছে না,সেগুলোর বেশির ভাগই খুন,ডাকাতি,ধর্ষণ,ধর্ষণসহ হত্যা,অস্ত্র ও ছিনতাইয়ের মামলা। মারাত্মক অপরাধের এসব মামলায় সহজে কেউ সাক্ষ্য দিতে চান না। আইন অনুসারে আদালতের আদেশের পর সাক্ষী হাজির করার দায়িত্ব পুলিশের। আর সাক্ষীর বিষয়টি নিশ্চিত করবে প্রসিকিউশন। কিন্তু এ দুই পক্ষের কাজের কোনো সমন্বয় নেই।
জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,‘দীর্ঘদিনের পুরোনো মামলা ঢাকার আদালতে বিচারাধীন,তা আমাদের জানা আছে। যেসব সাক্ষী সাক্ষ্য দিচ্ছেন না,তাঁদের তালিকা তৈরি হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।অনেক খুনের মামলায় বাদীপক্ষে থাকা জ্যেষ্ঠ আইনজীবী মাহফুজ মিয়া বলেন, খুনের মামলায় পুলিশ সাক্ষী হাজির না করায় বছরের পর বছর এসব মামলার বিচার থমকে আছে। সাক্ষী না আসায় বিচারও শেষ হচ্ছে না। এতে নিহতের পরিবারের সদস্যদের মধ্যে চরম হতাশা তৈরি হচ্ছে।
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ বলেন, এই অবস্থার পরিবর্তন করতে হলে ফৌজদারি কার্যবিধির সংশোধনী আনা জরুরি। সাক্ষী হাজির করা যাঁদের দায়িত্ব,তাঁরা যদি আদালতে সাক্ষী হাজির করতে না পারেন,তাহলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান ফৌজদারি কার্যবিধিতে সংযোজন করতে হবে। সাবেক এই আইনমন্ত্রী মনে করেন,সাক্ষী হাজির করার জন্য আলাদা সংস্থা গঠন করলে এ সমস্যা আর থাকবে না। কারণ,যাঁরা তদন্ত করেন,তাঁরাই আবার সাক্ষী হাজিরের দায়িত্বে থাকবেন,তা গ্রহণযোগ্য হতে পারে না।