
নিউজ ডেস্কঃ স্বতন্ত্র ১১ সংসদ সদস্যের আওয়ামী লীগে যোগদানের পর সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কোথাও দলীয় কোন্দল মাথাচাড়া দিয়েছে এবং নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছে। আবার কোথাও যোগদানের ঘটনাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যেমন ইউসুফ আবদুল্লাহ হারুনের যোগদানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের অনুসারীরা ক্ষুব্ধ। আবার আবুল কালাম আজাদের যোগদানে গাইবান্ধায় আওয়ামী লীগের একাংশ ক্ষোভ প্রকাশ করলেও আরেকাংশ সন্তোষ প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার ১১ সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় খোঁজ নিয়ে এমন চিত্র পাওয়া গেছে। জানা যায়,গত বুধবার রাতে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা স্বতন্ত্র ১১ সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে স্বতন্ত্র সংসদ সদস্যদের আওয়ামী লীগে যোগদানের বিষয়টি চূড়ান্ত হয়।
জাতীয় সংসদের একজন হুইপ নাম প্রকাশ না করার শর্তে আমাদের প্রতিনিধিকে বলেন,বৈঠকে গাইবান্ধা-৪ আসনের আবুল কালাম আজাদ,নওগাঁ-৩ আসনের ছলিম উদ্দীন তরফদার, কুষ্টিয়া-১ আসনের রেজাউল হক চৌধুরী,ঝিনাইদহ-২ আসনের তাহজীব আলম সিদ্দিকী,যশোর-৫ আসনের স্বপন ভট্টাচার্য্য,নরসিংদী-২ আসনের কামরুল আশরাফ খান,নরসিংদী-৩ আসনের সিরাজুল ইসলাম মোল্লা,মৌলভীবাজার-২ আসনের আব্দুল মতিন,কুমিল্লা-৩ আসনের ইউসুফ আব্দুল্লাহ হারুন,কুমিল্লা-৪ আসনের রাজী মোহাম্মদ ফখরুলসহ ১১ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
ওই হুইপ আরো বলেন,বৈঠকে ১২ জন সংসদ সদস্যকে ডাকা হয়েছিল,১১ জন উপস্থিত ছিলেন। তাঁরা সবাই আওয়ামী লীগই করেন। তাঁরা দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। তাঁদের নতুন করে আওয়ামী লীগে যোগদানের কিছু নেই। ওই ১২ জন সংসদ সদস্যকে ৭ মে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে উপস্থিত থাকার জন্য চিঠি দেওয়া হবে। বৈঠকে উপস্থিত থাকা সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য বলেন,বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আমাদের বলেছেন,আপনারা আওয়ামী লীগেরই এমপি। সে হিসেবেই এখন থেকে আপনারা পরিচিত হবেন। শেখ হাসিনার উন্নয়নের প্রচার চালাবেন আর দলকে শক্তিশালী করতে কাজ করবেন।
এদিকে আওয়ামী লীগে যোগদানের পরে স্বতন্ত্র সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একজন হুইপ বলেন,এটুকু প্রতিক্রিয়া থাকবেই। তবে যাঁরা যোগ দিয়েছেন তাঁরা সবাই বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যদি তাঁদের মনোনয়ন না দেন তবে যিনি মনোনয়ন পাবেন,তাঁর পক্ষেই তাঁরা কাজ করবেন।