
নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকিহ্রাসে জনগণকে স্বতঃস্ফূর্ত ও সচেতন করতে গণমাধ্যমের অংশগ্রহণ অপরিহার্য। আগামীকাল বুধবার থেকে ঢাকায় তিন দিনব্যাপী ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ে এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের (এবিইউ) তৃতীয় গণমাধ্যম সম্মেলন’অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য তথ্য জীবন বাঁচাতে গণমাধ্যম’ নির্ধারণ করা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন,গবেষকদের অভিমত- জলবায়ু পরিবর্তন মোকাবেলার কাজ ও দুর্যোগ ঝুঁকি কমাতেও কার্যকর ভূমিকা রাখবে। তবে সেই সাথে প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত ও সচেতন অংশগ্রহণ। আর এখানেই সম্প্রচার মাধ্যম তথা গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য।
জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা,যা কোনো একটি দেশের পক্ষে একা সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে ইনু বলেন,এ জন্য প্রয়োজন স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক-এ তিন ধাপের কার্যক্রম। আর সে লক্ষ্যেই আগামীকাল থেকে ঢাকায় এ সম্মেলন শুরু হচ্ছে। তিনি বলেন,এতে বিভিন্ন দেশ থেকে আগত অর্ধশতাধিক পরিবেশবিদ, গণমাধ্যম বিশেষজ্ঞ,সরকারি ও বেসরকারি প্রতিনিধির সাথে দেশীয় দুই শতাধিক অংশগ্রহণকারীদের সমন্বয়ে ৮টি অধিবেশন পরিচালিত হবে।
তথ্যমন্ত্রী বলেন,এ অধিবেশনগুলোর বিষয়বস্তু ও বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের আলোচনার মাধ্যমে ‘কী করণীয়’ তা তুলে ধরে ঢাকা ঘোষণা প্রণয়ন করা হবে। তিনি বলেন,এই ঢাকা ঘোষণাকে মেক্সিকোর কানকুনে আসন্ন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক বিশ্ব সম্মেলনে এজেন্ডাভুক্তির জন্য পাঠানো হবে। হাসানুল হক ইনু বলেন,তৃতীয় এবিইউ গণমাধ্যম সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী অধিবেশনের পাশাপাশি যে ৮টি অধিবেশন পরিচালিত হবে,তার মধ্যে প্রথম দিনের অধিবেশনগুলোর মূল বিষয় হবে জলবায়ু পরিবর্তন ও দ্বিতীয় দিনের মূল বিষয় থাকবে দুর্যোগ ঝুঁকিহ্রাস ও প্রস্তুতি।
তিনি বলেন,প্রথম দিনের ৪টি অধিবেশনে-টেকসই উন্নয়ন অর্জনে জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানো ও দুর্যোগ ঝুঁকি হ্রাস: প্রতিবন্ধকতা ও সাফল্য’ জলবায়ু পরিবর্তন ও সমাজ’ জনগণকে সেবাদান জলবায়ু পরিবর্তন প্রশমন ও খাপ খাওয়ানোর প্রযুক্তি’এবং জলবায়ু পরিবর্তন সচেতনতা প্রতিবন্ধকতা ও সমাধানসমূহ’বিষয়ে আলোচনা হবে। দ্বিতীয় দিনের অধিবেশনে-‘সাম্প্রতিক উদ্ভাবনের প্রয়োগ’দুর্যোগ প্রতিরোধী জনপদ গড়ে তোলা: দক্ষ গ্রাম পদ্ধতি এনএইচকে প্রশিক্ষণ ভূমিকম্প ও সুনামির আগাম সতর্কবার্তা’ এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে জানার বিষয়বস্তু এবং দুর্যোগ প্রস্তুতি’ বিষয় ৪টি নিয়ে আলোচনা হবে। সম্মেলনের তৃতীয় দিন বিদেশি অতিথিবৃন্দ সদরঘাট থেকে সাতনল নদী ভ্রমণ করবেন বলেও জানান তিনি।