
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সিনিয়র স্টাফ নার্সের মৃত্যুর ঘটনা নিয়ে এবার প্রেস ব্রিফিং করেছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে তিনি বলেন,ঘটনার পরই নিহত ডাক্তারের বাসার চতুর্থ শ্রেণির কর্মকর্তা লাকী খাতুনকে তাদের সন্দেহ হওয়ায় তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া য়ায়। পরে আরও তথ্য ও ঘটনার রহস্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি জানান,ডা. মনিরুজ্জামান তাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিয়ে আসত। কিন্তু তিনি সে প্রস্তাব প্রত্যাখান করায় তার সাথে খারাপ ব্যবহার করা হতো। এ কারণেই পরিকল্পিত ভাবে খাদ্যে বিষ মিশিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে কবিরাজ আশরাফ ও তমসের আলীকে আটকের পর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ড শেষ হওয়ায় আজ মঙ্গলবারই তাদের আদালতে হাজির করা হবে।