
নিউজ ডেস্কঃ হাওরের ফসলহানির ঘটনাকে জাতীয় দুর্যোগ আখ্যায়িত করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন,এই সংকটে হাওরবাসীর পাশে সবাইকে দাঁড়াতে হবে। এই সংকটের পেছনে প্রকৃতি যেমন রয়েছে,তেমনি এটা মানবসৃষ্ট। যাঁরা এর জন্য দায়ী,তাঁদের বিচার করতে হবে। দুর্নীতিবাজদের যেন কোনো ছাড় দেওয়া না হয়।
আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জে তাহিরপুর উপজেলা সদরে হাওরের ফসলহানির ঘটনায় আয়োজিত কৃষক সমাবেশে তিনি এ কথা বলেন। স্থানীয় হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থা এই সমাবেশের আয়োজন করে। সুলতানা কামাল বলেন,মানুষের এই দুর্যোগ-দুর্ভোগ নিয়ে যেন রাজনীতি না হয়। এটা সহ্য করা হবে না। আমরা হাওরের মানুষের সঙ্গে এক কাতারে আছি। তিনি হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ,এনজিও ঋণ সম্পূর্ণ মওকুফের দাবি জানান।