
নিউজ ডেস্কঃ নীলফামারী সদরের দাড়োয়ানী সুতা কলের পাশে স্থাপিত হচ্ছে বিজিবির ৫৬ ব্যাটালিয়ানের সদর দপ্তর। আজ মঙ্গলবার দুপুরে ওই সদর দপ্তর স্থাপনের ২০ একর জমির দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। জেলা প্রশাসন সূত্র জানায়,জেলা প্রশাসক জাকীর হোসেন আজ দুপুরে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৫৬ বিজিবির কমান্ডার লে. কর্ণেল মেহফুজার রহমানের হাতে ওই জমির দলিল তুলে দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) এ জে এম এরশাদ আহসান হাবিব,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমানসহ ৫৬ বিজিবির অন্যান্য কর্মকর্তা।
এব্যাপারে জেলা প্রশাসক মো. জাকীর হোসেন বলেন,নীলফামারী জেলা সদরের দাড়োয়ানী সুতাকলের পাশে সরকারি খাস খতিয়ানের ২০ একর জমি সরকারি অনুমোদন সাপেক্ষে আজ দুপুরে বিজিবির কাছে দলিল হস্তান্তর করা হয়েছে। সেখানে বিজিবির ৫৬ ব্যাটালিয়ানের সদর দপ্তর স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।