
নিউজ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দি থানার এসআই নয়ন কুমারসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ডিবি পুলিশের সোর্স সন্দেহে শিহাব উদ্দিন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা মামলায় জুডিশিয়াল তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। আজ মঙ্গলবার তৃতীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু রায়হান এক আদেশে সারিয়াকান্দি থানার ওসিকে ওয়ারেন্ট তামিল করতে নির্দেশ দিয়েছেন। আদালতে মামলা হওয়ার পরও ওই এসআই দায়িত্বে থাকায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ডিবি পুলিশের সোর্স সন্দেহে মাদক ব্যবসায়ীরা গত ৪মার্চ রাতে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি মাঠে শিহাবকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় শিহাবের বাবা গোসাইবাড়ির সাইফুল ইসলাম গত ১২ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু রায়হানের আদালতে এসআই নয়ন ও তিন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করেন। বিচারক শুনানি শেষে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। মামলার অন্য আসামীরা হলেন সারিয়াকান্দির আন্দরবাড়ির শাহাদুল হোসেন কালে, মণ্ডলবাড়ি গ্রামের আপেল ও আন্দরবাড়ির মোত্তালেব।
এদিকে আদালতের নির্দেশে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব গত ১৭ মার্চ সারিয়াকান্দিতে সরেজমিন গিয়ে তদন্ত করেন। তদন্ত রিপোর্টে তিনি উল্লেখ করেছেন,থানার এসআই নয়ন কুমারসহ চার আসামির বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত আজ মঙ্গলবার উল্লিখিত চার আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এছাড়া ওয়ারেন্ট তামিল করতে সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলামকে নির্দেশ দিয়েছেন। ওসি জানান, তিনি আদালতের নির্দেশের কথা শুনেছেন।