
নিউজ ডেস্কঃ জামালপুরের ইসলামপুরের নোয়ারপাড়া ইউপি নির্বাচন সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আজ মঙ্গলবার বিকালে তুচ্ছ ঘটনা সূত্রে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বাদল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচন চলাকালে ইউপি সদস্য প্রার্থী ফকির আলী গ্রুপের সাথে অপর প্রার্থী নজরুল ইসলাম গ্রুপের বিরোধ হয়। এ বিরোধের কারণে ফকির আলী অল্পের জন্য নির্বাচনে হেরে যান। এতে দুগ্রুপের বিরোধ আরও বেড়ে যায়।
ওই বিরোধের জের ধরে আজ মঙ্গলবার বিকালে ইউপি সদস্য নজরুল ইসলাম গ্রুপের সদস্যরা তাদের সহযোগী বেলাল হোসেনের একটি গাছের কাঁঠাল চুরির অভিযোগ এনে হাড়গিলা বাজারে ফকির আলী গ্রুপের লোকজনের উপর সন্ত্রাসী হামলা করে এবং তাদের দোকানপাটে লুটপাট চালায়। এ হামলায় উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছেন। তন্মধ্যে গুরুতর আহত উভয় পক্ষের ৭ জনকে জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসলামপুর থানার ওসি দীন-ই আলম জানান,নোয়ারপাড়া ইউপি নির্বাচন সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হাড়গিলা বাজারে একটি সংঘর্ষের খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান।