
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন,জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবেলা ও খাদ্যের প্রাপ্যতা নিশ্চিতে যুক্তরাষ্ট্রকে নেতৃত্বের ভূমিকা নিতে হবে,দর্শকের ভূমিকা নয়। ইতালির মিলানে ‘সিডস এন্ড চিপস-গ্লোবাল ফুড ইনোভেশন সামিটে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন। তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য উত্পাদন থেকে বিতরণ পর্যন্ত আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০০ এর বেশি বক্তা অংশ নিচ্ছেন। সম্মেলনে মূল বক্তব্য প্রদানের পাশাপাশি ওবামা হোয়াইট হাউসের সাবেক সিনিয়র খাদ্য নীতি উপদেষ্টা স্যাম ক্যাসের সঙ্গে এই আলোচনা পর্বেও অংশ নেবেন ওবামা।
গতকাল মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে ওবামা খাদ্য সংকট,সমস্যা,পরিণতি ও সমাধানের উপায় নিয়ে কথা বলার পাশাপাশি খাদ্য উত্পাদনের ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেন। তিনি বলেন,জলবায়ু পরিবর্তন ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক নির্দেশনার পথেই এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর পর বিদেশে প্রথম ভাষণে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ কারণ এর খরচ কম। ব্যবসায়ীরা একটি বিষয়ে একমত যে, মানুষের ভবিষ্যত এই পরিচ্ছন্ন জ্বালানিতেই নিহিত রয়েছে। এখন এই জ্বালানিতেই বিনিয়োগ বাড়ছে।নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবামা প্রশাসনের জলবায়ু নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেছে। যে কারণে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করা প্যারিস চুক্তি হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে ওবামা বলেন,প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে গিয়ে ট্রাম্প প্রশাসনকে অভ্যন্তরীণ কোন্দলের মধ্যে পড়তে হচ্ছে।