
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এরাবিক ইসলামিক আমেরিকান হিস্টোরিকাল সামিটে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সফররত সৌদি সংস্কৃতি এবং তথ্যবিষয়কমন্ত্রী ড. আওয়াদ বিন-সালেহ-আল আওয়াদ গতকাল মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে যোগ দেবেন। প্রেস সচিব জানান,প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।সাক্ষাতে জঙ্গিবাদের বিষয়টি এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,শুধু বাংলাদেশ যে এর মোকাবেলা করছে তা নয়,এটি এখন একটি বৈশ্বিক সমস্যা। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তার জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে বলেন, তার সরকার দেশে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে এই ক্ষত দূর করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।