
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। এ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন,সৌভাগ্যের এই রজনী মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন। পবিত্র শবেবরাতের মাহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন,আসুন, সকল প্রকার ধর্মান্ধতা ও কূপমণ্ডুকতা পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি। বাণীতে তিনি বলেন, রহমতের এই রাত আমাদের জন্য সুখ,শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র শবেবরাত উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিমউম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন,মাহে রমজান ও সৌভাগ্যের আগমনীবারতা নিয়ে পবিত্র লায়লাতুল বরাত আমাদের মাঝে সমাগত। উপমহাদেশে শবেবরাত প্রধানত সৌভাগ্য রজনী হিসেবে পালিত হয়। মানব জাতিকে এই পবিত্র রজনী আল্লাহ্ তায়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়। নফল রোজার পাশাপাশি আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভের লক্ষ্যে মুসল্লিগণ সারারাত জেগে আল্লাহর ইবাদত-বন্দেগি করেন। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। সৌভাগ্যমণ্ডিত পবিত্র শবেবরাতের পূর্ণ ফজিলত আমাদের ওপর বর্ষিত হোক। রাষ্ট্রপতি পবিত্র শবেবরাতে মহান আল্লাহর দরবারে সকলের জন্য ক্ষমা,বরকত, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।