
নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশনের বিএনপি দলীয় নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলনকক্ষে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র সাক্কুকে শপথ পড়ান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন ও মেয়রের ছোট ভাই কাইমুল হক। শপথ নেওয়ার পর মেয়র মনিরুল হক সাক্কু প্রথম আলোকে বলেন, আগামী সপ্তাহে এসে তিনি দায়িত্ব নেবেন। এ সময় তিনি সিটি করপোরেশনের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চান।
এদিকে বাসস জানায়, কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ আজ দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান। স্থানীয় সরকারসচিব আবদুল মালেকের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. মনিরুল হক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ও অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।
সাধারণ আসনের ২২ জন ও সংরক্ষিত আসনের ৭ জন সদস্যসহ মোট ২৯ জন নবনির্বাচিত কাউন্সিলর শপথ নেন। গত ২০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ২০ এপ্রিল নির্বাচিত মেয়র ও সদস্যদের গেজেট প্রকাশিত হয়।