
নিউজ ডেস্কঃ আমদানি-রফতানি বাণিজ্যে গতি আনতে চট্টগ্রাম কাস্টম হাউস ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য আবারও দাবি জানালেন সেখানকার ব্যবসায়ীরা। খোলা রাখার পাশাপাশি সব ধরনের অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও দাবি জানিয়েছেন তারা। এছাড়া হয়রানি বন্ধে অনলাইনে ইমপোর্ট জেনারেল মেনিফেস্ট-আইজিএম সংশোধনী গ্রহণের পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কাস্টমস হাউস আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে ব্যবসায়ীরা এসব দাবি জানান।
তারা বলেন, উত্থাপিত দাবি বাস্তবায়ন করা না হলে চট্টগ্রাম কাস্টমস কেবল টার্গেট নিয়েই দৌড়াবে, কিন্তু তাতে কখনো সফল হওয়া যাবে না। কাস্টমস কমিশনার এএফএম আবদুল্লাহ খান ব্যবসায়ীদের বিভিন্ন অভাব-অভিযোগের বিষয় মনোযোগ দিয়ে শুনলেও তার একার পক্ষে এসব দাবি পূরণ করা সম্ভব নয় বলে জানান। তিনি বলেন, ব্যবসায়ীদের যৌক্তিক দাবির বিষয় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের কাছে তিনি উপস্থাপন করবেন। এসব দাবি আদায় ও বাস্তবায়নের ক্ষেত্রে তিনি মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করবেন। চট্টগ্রাম কাস্টমসের তিনতলার অডিটোরিয়ামে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গণশুনানি অনুষ্ঠিত হয়।