
নিউজ ডেস্কঃ গোদাগাড়ীর বেনীপুরে জঙ্গি আস্তানায় ‘অপারেশন সান ডেভিল’ আজ শুক্রবার সকাল ছয়টায় ফের শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে আটটার দিকে অভিযান স্থগিত করা হয়। অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভুঁইয়া জানান,আজ সকাল ছয়টার দিকে এ অভিযান ফের শুরু হয়েছে। ঢাকা থেকে আসা বোমা নিস্ক্রিয়কারী দল এসে ঘটনাস্থলের বোমাগুলো উদ্ধারের চেষ্টা করছে। এর আগে গত বুধবার রাত থেকে গোদাগাড়ীর বেনিপুরের জঙ্গি আস্তানাটি ঘিরে রাখে পুলিশ। এরপর সকালে বাড়ি থেকে বের হয়ে হঠাৎ করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা করে জঙ্গিরা। এসময় ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মতিনকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা করে তারা। পুলিশের পাল্টাগুলিতে ও নিজেদের বোমায় নিহত হন পাঁচ জঙ্গি। নিহত ওই জঙ্গিরা হলেন,উপেজলার মাছমারা গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে ও ওই বাড়ির মালিক সাজ্জাদ আলি ওরফে মিস্টু (৫০), তার স্ত্রী বেলি খাতুন (৪৮) ছেলে আল আমিন (২৬) ও সোয়াইব (২৪), কারিমা খাতুন (১৭)।