
নিউজ ডেস্কঃ বনানীর 'দ্য রেইন ট্রি' হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে থানা-পুলিশের দায়িত্ব পালনে অবহেলা আছে কিনা তার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়ার নির্দেশে গতকাল বৃহস্পতিবার বিকালে এই কমিটি গঠন করা হয়।
ডিএমপি কমিশনার জানান,মামলা গ্রহণে গড়িমসি করা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে থানা-পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতেই এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। তিন সদস্যের এ কমিটিতে ডিএমপি সদরদপ্তরের এক অতিরিক্ত পুলিশ কমিশনারকে (অপারেশন) প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।