
নিউজ ডেস্ক : বর্তমান শিক্ষাব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার আয়োজন করেছে বিএনপি। শনিবার দিনব্যাপী রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে শিক্ষা নিয়ে আলোচনা সভা হবে বলে জানিয়েছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, দুটি সেশনে সেমিনার অনুষ্ঠিত হবে। সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদের সভাপতিত্বে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী সেমিনার উদ্বোধন করার কথা। প্রথম অধিবেশনে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন ড. মো: সিরাজুল ইসলাম ও শাহ শামীম আহমেদ। সভাপতিত্ব করবেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। দ্বিতীয় অধিবেশনে শিক্ষায় বিভিন্ন ধারা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সভাপতিত্ব করবে ড. দিলারা চৌধুরী। তৃতীয় অধিবেশনে উচ্চ ও প্রাগ্রসর শিক্ষা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি ড. আ ফ ম ইউসুফ হায়দার। সভাপতিত্ব করবেন ড. মুস্তাহিদুর রহমান।
সেমিনারের চতুর্থ অধিবেশনে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন ড. সাব্বির মোস্তফা ও ড. মোহাম্মদ ইকবাল। সভাপতিত্ব করবেন ড. তাজমেরি এস ইসলাম। সমাপনী পর্বে বিকেলে শিক্ষার দর্শনী শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন ড. মাহবুব উল্লাহ। প্রধান অতিথি থাকবেন বেগম খালেদা জিয়া। সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরো সেমিনার সঞ্চালনা করবেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।