
নিউজ ডেস্কঃ পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন,রমজান মাসকে পুঁজি করে কেউ যেন দ্রব্যমূল্যের দাম না বাড়ায় সেজন্য প্রশাসনকে সতর্ক থাকতে হবে। গতকাল শুক্রবার রাতে ভোলা জেলা পরিষদ চত্বরে আসন্ন মাহে রমজান উপলক্ষে সর্বস্তরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন,১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আমি যখন মন্ত্রী ছিলাম তখন চিনি আমদানিকারক প্রতিষ্ঠান সুগার করপোরেশনে এক হাজার ৩০০ কোটি টাকার চিনি মজুদ রেখেছিলাম। চিনির দাম কোনোদিন বাড়েনি। সুগার করপোরেশনের মাধ্যমে চিনি আমদানি করে ডিলারদের মাধ্যমে জনগণের মাঝে পৌঁছে দেওয়া হত। সুগার মিলগুলোও ভালো চলেছিল। কোনো ব্যবসায়ী কারসাজি করতে পারেনি। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সুগার করপোরেশন বাদ দিয়ে ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়ীদের হাতে চিনি ছেড়ে দেয়।
মন্ত্রী বলেন,আমি যখন শিল্পমন্ত্রী ছিলাম তখন লাল চিনি এনে রিফাইন করার সুযোগ কাউকে দেইনি। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে প্রাইভেট সেক্টরে লাল চিনি এনে রিফাইন করে এবং এর মূল্য সংযোজন মাধ্যম ১৫ শতাংশ। আজকে তাদের হাতেই চিনি। এখন আন্তর্জাতিক বিশ্বে চিনির দাম গত বছরের তুলনায় ৯ শতাংশ কম। চিনির যা চাহিদা তার চেয়ে অনেক বেশি মজুদ রয়েছে। কাজেই চিনির দাম বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই। ব্যবসায়ীদের সঙ্গে আমার সু-সম্পর্ক রয়েছে। ঢাকায় তাদের সঙ্গে সভা করেছি। তিনি বলেন,ব্যবসায়ীদের বলেছি রমজান মাসে আপনারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না। তারা আমাকে আশ্বাস দিয়েছেন যে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। যারা দ্রব্যমূল্যের দাম নিয়ে কারসাজি করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যবসাবান্ধব সরকার। তিনি বলেন,বিএনপি রূপকল্প দিয়েছে। একটি দল রূপকল্প দিতেই পারে। তবে, ২০০৮ সালের নির্বাচনে তারা কোনো রূপকল্প দেয়নি। ভিশন ২০২১ নামে রূপকল্প দিয়েছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই অনুসরণ করেছেন এবং অনুকরন করেছেন খালেদা জিয়া। আমার ধারণা খালেদা জিয়া রূপকল্পে যা বলেছেন তা তিনি কোনোদিনই বাস্তবায়ন করবেন না।