
নিউজ ডেস্কঃ নৌ-পরিবহন অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত অভ্যন্তরীণ নৌযানের মাস্টারশিপ ও ড্রাইভারশিপ পরীক্ষা পদ্ধতি (নৌ চালকদের যোগ্যতা নির্ধারণী পরীক্ষা) নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে। সংস্থাটির জনবল সংকটের দোহাই দিয়ে বিধিবহির্ভূতভাবে পরীক্ষা বোর্ড গঠন ও প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে। আর লিখিত ও মৌখিক গ্রহণের ক্ষেত্রেও ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে একটি বেসরকারি সংগঠনের পক্ষ থেকে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আবেদন করা হয়েছে। নিরাপদ নৌ ও সড়ক পরিবহন আন্দোলনের আহ্বায়ক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত ওই আবেদনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে,নৌ-পরিবহন অধিদপ্তর নৌযান চালকদের যোগ্যতা নির্ধারণের জন্য পরীক্ষা বোর্ড গঠন করলেও একাধিক বেসরকারি সংস্থার কর্মকর্তাদের রাখা হয়েছে,যা অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ (আইএসও) ১৯৭৬ এর সংশ্লিষ্ট বিধিমালার লঙ্ঘন। এছাড়া প্রায় তিন বছর যাবৎ অধিদপ্তরের নির্দিষ্ট একজন কর্মকর্তাকে দিয়ে ড্রাইভারশিপ ও দুজনকে দিয়ে মাস্টারশিপ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি এবং তাদেরকে দিয়েই প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ,মূল্যায়ন ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে,যাদের সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যান্ত্রিক ও নৌ প্রকৌশল (এমএমই) বিভাগের একজন প্রকৌশলী এবং নারায়ণগঞ্জের ডেক ও ইঞ্জিনকর্মী প্রশিক্ষণ কেন্দ্রর (ডিইপিটিসি) একজন প্রশিক্ষকের গভীর সখ্যতা রয়েছে।
অভিযোগে আরো বলা হয়েছে,এ দুই কর্মকর্তার নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র (কোচিং সেন্টার) রয়েছে। যেখানে নৌযানের মাস্টারশিপ ও ড্রাইভারশিপ পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। পরীক্ষার ১৫ দিন আগে তাদের কোচিং সেন্টারে ভর্তি হলেই পাস করে যান প্রার্থীরা। কারণ,প্রশ্নপত্র তৈরির সঙ্গে জড়িতদের সঙ্গে সখ্যতা থাকায় পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ওই দুই কর্মকর্তার কাছে পৌঁছে যায়। সেখান থেকে তা চলে যায় পরীক্ষার্থীদের হাতে। এভাবে প্রশ্নপত্র আদান-প্রদানে মোটা অংকের অর্থ লেনদেন হয়ে থাকে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ ব্যাপারে নৌ,সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে বলেন,নৌযান চালকদের যোগ্যতা নির্ধারণী পরীক্ষা পদ্ধতির স্বচ্ছতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এছাড়া প্রশ্নপত্র তৈরি,পরীক্ষা গ্রহণ এবং দালাল মারফত অনৈতিক লেনদেনের খবর অনেক আগে থেকেই শোনা যাচ্ছে,এমনকি ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমেও বহুবার এসব খবর প্রকাশিত হয়েছে। জনস্বার্থে বিষয়টির একটা সুরাহা হওয়া দরকার। তা না হলে অদক্ষরা নৌযানের মাস্টার ও ড্রাইভার হবে। আর নৌ দুর্ঘটনা দিন দিন বাড়বে।