
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন,আওয়ামী লীগের পায়ের তলার মাটি সরে গেছে। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন,এবার তিনি ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের দায়িত্ব নিতে পারবেন না। আজ শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশে আইনের শাসন নেই- প্রধান বিচারপতি এস কে সিনহার দেওয়া এমন বক্তব্য উদ্ধৃত করে এ্যানী বলেন ‘আওয়ামী লীগ এখন দেউলিয়াত্বে ভুগছে। তাদের (আওয়ামী লীগ) দলের সাধারণ সম্পাদক বলেছেন ক্ষমতায় না থাকলে টাকা-পয়সা নিয়ে বিদেশে পালাতে হবে।
তিনি আরও বলেন,জনগণ ২০১২ সালে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সারা দেশে আন্দোলন করেছিল,একইভাবে এবার জনগণের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। তাদের উৎসাহ উদ্দীপনা এবং সাহস ও মনোবল দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতকে আরও শক্তিশালী করবে। আগামীতে কঠোর আন্দোলনের কোন বিকল্প নেই মন্তব্য করে এ্যানি বলেন,দেশে আর ৫ জানুয়ারির জন্ম হতে দেওয়া হবে না। তিনি আরো বলেন,আগামী নির্বাচন হতে হবে নিরপেক্ষ। বিএনপি সেই নির্বাচনে অংশ নিতে চায়।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন,এখনও সময় আছে গণতন্ত্র চাইলে আপনারা নিরপেক্ষ নির্বাচন দিন। বিএনপি চেয়ারপার্সন ঘোষিত ভিশন ২০৩০-এ জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। বিএনপি জনগণের ম্যান্ডেন্ট নিয়ে ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে। তিনি পাড়ায় মহল্লায় দলের চেয়ারপার্সনের এই বক্তব্য পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। দলটির প্রচার সম্পাদক বলেন,বিএনপির একান্নটি টিম দেশের বিভিন্ন জেলায় তৃণমূল পর্যায়ে জনগণকে ঐক্যবদ্ধ করার কাজে নেমেছে। এরই মধ্যে সারা দেশে বিএনপি আবারও গর্জে উঠেছে।